Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনার মঠ ও মন্দিরে চলছে নিয়মসেবা ব্রত

কালনার মঠ ও মন্দিরে চলছে নিয়মসেবা ব্রত
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বৈষ্ণব সম্প্রদায়ের নিয়মসেবা ব্রত ও দামোদর মাস উদযাপন চলছে। কালনার বৈষ্ণব তীর্থক্ষেত্রগুলিতে চলছে বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তিরসের সাধন ও পরিক্রমা। মঠ ও মন্দিরগুলিতে সকাল থেকে ভক্তদের ভিড় উপচে পড়ছে।
Advertisement
বৈষ্ণবদের ভক্তি মাস হিসাবে নিয়ম সেবার ব্রত উদযাপন দামোদর মাসের দিনগুলিকে ধরা হয়। একাদশীর দিন থেকে একমাস ব্যাপী বৈষ্ণব সম্প্রদায় নিষ্ঠার সঙ্গে দিনগুলি পালন করেন। প্রভাতে স্নানের মধ্য দিয়ে ভগবান কৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর সেবাব্রত ও নাম গান শুরু হয়। ভক্তরা ঈশ্বরের নামগানের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা ও নিষ্ঠাচারে আহারাদি সম্পন্ন করেন। ভক্তদের বিশ্বাস দামোদর মাসে ভগবান কৃষ্ণের সাধনায় বৈকুণ্ঠ লাভ হয়। ভোরে স্নান করে ঠাকুরের নামগান করে দিনভর নিষ্ঠার সাধনা চলে। অনেকে মুসলিম সম্প্রদায়ের রমজান মাসের সঙ্গে দামোদর মাসে বৈষ্ণবদের সাধনার তুলনা করেন। এই সময় বৈষ্ণবরা বিভিন্ন মন্দির ও মঠে খালি পায়ে পরিক্রমা করেন। একমাস নিয়ম সেবার ব্রত ও দামোদর মাসের শেষে অন্নকূটের মধ্য দিয়ে ভক্তিমাসের সমাপ্তি ঘটে। বিদেশি ভক্তরাও মঠ-মন্দির গুলিতে হাজির হয়ে ভক্তিভাবে মাতোয়ারা হন। পাঁচশো বছরের প্রাচীন কালনা মহাপ্রভু মন্দির, শ্যামসুন্দর গৌর-নিতাই মন্দির সহ কালনা সহ পূর্বস্থলী-১ ব্লকের চৈতন্য লীলাক্ষেত্র মাগনপুর বিদ্যানগরে দেশ বিদেশের ভক্তদের দেখা যাচ্ছে। মহাপ্রভু মন্দিরের সেবাইত প্রবীর গোস্বামী বলেন, নিয়মসেবার ব্রত ও দামোদর মাস বৈষ্ণব সম্প্রদায়ের কঠোর সাধনার মাস। এই মাসে ভগবানের অল্প নামগানে বেশি পুণ্যলাভ হয়।
সম্পর্কিত সংবাদ