সংবাদদাতা, কালনা: স্বামীকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হল তাঁর স্ত্রী ও তার প্রেমিক। কালনা অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক শ্রীময়ী কুণ্ডু বুধবার অভিযুক্ত বধূ ঝুম্পা দাস ও কালনা চাগ্রামের বাসিন্দা প্রেমিক প্রবীর ঘোষকে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার বিচারক সাজা ঘোষণা করবেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের অক্টোবর মাসে কালনা থানার উত্তর গোয়াড়া গ্রামে নিজের বাড়ি থেকে রতন দাস নামে এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতের স্ত্রী ঝুম্পা দাস কালনা থানায় স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করে। তার অভিযোগ ছিল, স্বামী ব্যবসা করতে গিয়ে ৪০ লক্ষ টাকার সামগ্রী একাধিকজনকে ধার দেয়। তাদেরই কেউ টাকা পরিশোধ যাতে করতে না হয় তার জন্য স্বামীকে খুন করেছে। যদিও তা মিথ্যা প্রমাণিত হয়।
Advertisement
সরকারি আইনজীবী বিকাশ রায় বলেন, ঝুম্পা মামলায় প্রথম দিন থেকেই অসহযোগিতা করছিল। তাতেই সন্দেহ তৈরি হয়। অভিযোগপত্রে সে উল্লেখ করেছিল, ঘটনার আগে ১০দিন বাপের বাড়িতে ছিল। অথচ সাক্ষ্য প্রমাণ বলছে ৬ অক্টোবর সে স্বামীর বাড়িতেই ছিল। ঝুম্পার দাদা সাক্ষী দেয় বোন তাদের বাড়িতে ছিল না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক ঝুম্পা ও তার প্রেমিককে দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা হবে।



