সংবাদদাতা, কালিয়াগঞ্জ: শীত পড়তেই কালিয়াগঞ্জ দিয়ে বয়ে চলা টাঙন নদী থেকে শুরু হয়েছে বালি চুরি। দিনের আলোতে নদীর বুকে ট্রাক্টর নামিয়ে চুরি হচ্ছে বালি। কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ঘাটেই চলছে এই অবৈধ কারবার। শুক্রবার সকালে কালিয়াগঞ্জের ফরিদপুর এলাকা থেকে বালি বোঝাই একটি ট্রাক্টার আটক করে পুলিস। গ্রেপ্তার করা হয় ট্রাক্টারের চালককে। পুলিস জানিয়েছে, ধৃত চালকের নাম জীবন সরকার। সে কুশমণ্ডি থানা এলাকার বাসিন্দা। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, টাঙন নদীর বালি সহ ট্রাক্টর আটক করা হয়েছে। সেইসঙ্গে চালককে গ্রেপ্তার করা হয়েছে। টাঙন নদী থেকে বালু চুরি করে কালিয়াগঞ্জে আনা হচ্ছিল। চালককে জেরা করা হচ্ছে।



