সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বইয়ের পাতা থেকে ক্রমে মুখ ফিরিয়ে মোবাইলে বন্দি নতুন প্রজন্ম। বই পড়ায় আগ্রহ বাড়াতে এবারের জেলা বই মেলা সাজছে বিভিন্ন মডেল ও থিমে। বইমেলার দেওয়াল ভরে উঠেছে বিভিন্ন ধরনের ছড়া, আঁকায়। আজ, সোমবার থেকে কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী হাইস্কুলের মাঠে শুরু হচ্ছে উত্তর দিনাজপুর জেলা বইমেলা। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। রবিবার দুপুরে মেলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় সহ মেলা কমিটির সদস্যরা। একশোটি স্টল বসেছে বইমেলায়। নয়টি জনপ্রিয় প্রকাশন সংস্থা তাদের প্রকাশিত বই নিয়ে এসেছে। বাংলাদেশের কোনও সংস্থা আসেনি। তাদের আমন্ত্রণ জানানো হয়নি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শ্রদ্ধা জানিয়ে কোনও জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে না। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মেলা চত্বর সিসি ক্যামেরায় মোড়া হয়েছে। মহিলা পুলিস টহল দেবে মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে থাকছে পুলিস ক্যাম্পও।



