সংবাদদাতা, মানকর: রবিবার গভীর রাতে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে দু’টি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে একটির চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অজয় পণ্ডিত(৪৫)। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর এলাকায় তাঁর বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ ইলামবাজারের দিক থেকে একটি খালি ডাম্পার যাচ্ছিল। ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে স্পিডব্রেকার বুঝতে না পেরে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা পাথরবোঝাই একটি ডাম্পারকে ধাক্কা মারে। ইলামবাজারগামী ডাম্পারের চালক গুরুতর জখম অবস্থায় কেবিনের মধ্যেই আটকে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিস। চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।



