সংবাদদাতা, বাগডোগরা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ২ কোটি ৬৯ লক্ষ টাকার রাস্তার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিডিও’কে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা কিষান কংগ্রেস কমিটি। শুক্রবার কাজ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, শিবমন্দির বাজার সংলগ্ন রেললাইন থেকে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম সহ ইন্দিরাপল্লি কালভার্ট ও লচকা নদীর কালভার্ট থেকে গজেন সিং মোড় পর্যন্ত ২ কোটি ৬৯ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক তহবিলে পেভার ব্লকের রাস্তা হচ্ছে। সেই কাজ অত্যন্ত নিম্নমানের করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, কাজের নিয়ম অনুযায়ী পুরনো রাস্তা ভেঙে ধুলোবালি সরিয়ে কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে না।



