নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার ভোরে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে খবরের কাগজ বহনকারী একটি চারচাকা গাড়িতে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এদিন ভোর ৫টা নাগাদ খাতড়া থানার সুপুর এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি চালককে ‘গান পয়েন্টে’ রেখে দুষ্কৃতীরা প্রায় সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর গাড়ি চালক খাতড়া থানায় অভিযোগ জমা দিতে গেলে পুলিস তা নিতে অস্বীকার করে বলেও অভিযোগ। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ছিনতাইয়ের ঘটনার খোঁজ নিচ্ছি।
Advertisement
গাড়ি চালক রাজীব কুণ্ডু বলেন, এদিন ভোরে বাঁকুড়া থেকে পত্র-পত্রিকা নিয়ে খাতড়ায় যাচ্ছিলাম। সুপুরের কাছাকাছি একটি চারচাকা গাড়ি আমাকে ওভারটেক করে সামনে এসে দাঁড়ায়। আমি ব্রেক কষামাত্র ওই গাড়ি থেকে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী আমার গাড়ি ঘিরে ধরে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তারা ১৪ হাজার ৭২২ টাকা ছিনিয়ে নেয়। পেট্রল পাম্পে গাড়ির জ্বালানির দাম মেটানোর জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলাম। আমাকে দুষ্কৃতীরা মারধর করে মোবাইলটিও ছিনিয়ে নেয়। পরে হাতিরামপুর-মানবাজার সড়ক ধরে পালানোর সময় রাস্তার পাশে সেটি ফেলে দেয়। খাতড়া থানা দিনভর অপেক্ষা করানোর পরেও লিখিত অভিযোগ জমা নেয়নি।



