নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: হোটেলে চড়াও হয়ে এক বধূকে মারধর ও তার জেরে ওই বধূর মৃত্যুর ঘটনায় সোমবার খাতড়ায় একটি আদিবাসী সংগঠনের তরফে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়। বন্ধে আংশিক প্রভাব পড়ে বলে পুলিস জানিয়েছে। এদিন খাতড়ার আংশিক দোকানপাট বন্ধ ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, বধূর মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়ার পর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সংগঠনের এক নেতা বলেন, গত বুধবার খাতড়ায় স্বামীর সঙ্গে ওই বধূ হোটেল চালাচ্ছিলেন। সন্ধ্যায় বচসার জেরে কয়েকজন হোটেলে হামলা চালায় বলে অভিযোগ। তারজেরে ওই বধূ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, এদিন ব্যবসা বন্ধকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিস দুই অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছে।



