Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে এআই অপরাধ নিয়ে পড়ুয়াদের সচেতন করলেন ওসি

খড়গ্রামে এআই অপরাধ নিয়ে পড়ুয়াদের সচেতন করলেন ওসি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: এতদিন ছিল সাইবার ক্রাইম। এবার অপরাধীরা অত্যাধুনিক এআইকে কাজে লাগিয়ে প্রতারণায় হাত পাকিয়েছে। এবিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার। মঙ্গলবার ওই এলাকার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের থানায় ডেকে এনে এআই ক্রাইমের বিষয়ে সচেতনতার পাঠ দিলেন ওসি নিজে।
Advertisement
এদিন সকাল ১১টা নাগাদ ওই এলাকার কয়েকটি উচ্চবিদ্যালয়ের নবম থেকে একাদশ শ্রেণির ৫৫জন ছাত্রছাত্রীকে থানায় নিয়ে আসা হয়। প্রথমেই তাদের থানা চত্বর ঘুরিয়ে দেখানো হয়। পরে এআই ক্রাইমের বিষয়ে তাদের ক্লাস নেওয়া হয়।
সেখানে ওসি বলেন, সম্প্রতি সাইবার ক্রাইমের সবচেয়ে নতুন পদ্ধতি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার। উদাহরণ দিয়ে তিনি ছাত্রছাত্রীদের বলেন, সম্প্রতি উত্তরপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান নিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। ওই বিয়ের অনুষ্ঠানে সংস্কৃতির অভাব দেখানো হয়েছিল। পরবর্তীতে জানা যায়, পুরো ছবিটি এআইয়ের মাধ্যমে এডিট করা হয়েছে। আবার মনে করো, তোমাদের কেউ একজন ফেসবুক করেই না। অথচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার মুখ ক্লোন করা হয়েছে। সেই ফেস ক্লোনের সাহায্যে ভিডিওকল করে তোমাদের কোনও বন্ধুকে বলা হচ্ছে, বাবা খুব অসুস্থ। এখনই ১০হাজার টাকা দিলে উপকার হয়। ভিডিওকলে দেখে তোমার বন্ধুর মনে হচ্ছে যে, তুমিই টাকা চাইছ। সে টাকা দেওয়ার পরে তোমায় ফোন করে জিজ্ঞেস করছে, বাবা কেমন আছে। তখন তুমি অবাক হয়ে যাচ্ছ। এখন এআই পদ্ধতিতে খুব সহজেই এরকম প্রতারণা করা যাচ্ছে। এরকম কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিসের দ্বারস্থ হওয়া দরকার।
ওসি আরও বলেন, বেশিরভাগ সাইবার ক্রাইম মানুষের লোভ, ভয় ও আবেগকে ব্যবহার করে। সেজন্য ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সজাগ থাকতে হবে। ওসির ক্লাসে অংশ নিয়েছিল নবম শ্রেণির সিরাজ মল্লিক, দশম শ্রেণির সাইয়েদা খাতুন, দ্বাদশ শ্রেণির তানিয়া খাতুনরা। তারা জানাল, এই ক্লাসে না এলে এআই ক্রাইম সম্পর্কে তারা কিছই জানতে পারত না। পরে স্কুলে গিয়ে এবিষয়ে ক্লাস নেওয়ার বিষয়েও তারা ওসিকে অনুরোধ করেছে।
সম্পর্কিত সংবাদ