সংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার কুশমণ্ডি খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একদিনের খাদ্য উৎসব হল। খুদে পড়ুয়ারা তাদের মায়েদের সাহায্য নিয়ে বাড়ি থেকে সুস্বাদু খাওয়ার তৈরি করে স্কুলে নিয়ে আসে। স্কুলের ক্যাম্পাসে ২৭ টি স্টল করে বসে পড়ুয়ারা। হরেক রকম পিঠে থেকে শুরু করে গ্রামবাংলার জনপ্রিয় জামায়াপুরী মিষ্টি স্টলে ছিল। চা, দই ফুচকা, কুলমাখা, পেয়ারা মাখা, পোলাও, চিকেন কষাও ছিল। স্টলে বেশিরভাগ খাবারের দাম ছিল ৫ টাকা থেকে ২০ টাকার মধ্যে। স্থানীয় বাসিন্দা, কুশমণ্ডি স্কুল পরিদর্শক থেকে শুরু করে কুশমণ্ডির বিডিও নয়না দে খাদ্য উৎসবে হাজির হয়ে টাকা দিয়ে খুদে পড়ুয়াদের কাছ থেকে খাবার কিনে খান। মেলা চলে ১২ থেকে ৪ টা পর্যন্ত। সময়ের মধ্যেই সমস্ত খাবার বিক্রি হয়ে যায়। সর্বোচ্চ বিক্রিত খাবার দই ফুচকা, পোলাও, চিকেন কষা। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ রেয়াজুল ইসলাম বলেন, আমরা স্কুলের পড়ুয়াদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থা, বাস্তব জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি করতে চেষ্টা করছি।



