নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ধানচাষ কমেছে। গত খরিফ মরশুমের এইসময়ের তুলনায়। দেশে এবার ধানচাষের জমির পরিমাণ প্রায় ১৬ লক্ষ হেক্টর কম। তবে দেশে ধানচাষের স্বাভাবিক যে জমি থাকে, তার থেকে এবারও বেশি জমিতে চাষ হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সাম্প্রতিক (৪ সেপ্টেম্বর) পরিসংখ্যান অনুযায়ী, এবার ৪ কোটি ২২ লক্ষ হেক্টর জমিতে ধানচাষ হয়েছে। পরিমাণটি গত মরশুমে ছিল ৪ কোটি ৩৮ লক্ষ হেক্টর। ধানচাষের স্বাভাবিক জমির পরিমাণ ৪ কোটি ১৪ লক্ষ হেক্টর। খরিফ মরশুমের ধানচাষ মূলত বৃষ্টির উপর নির্ভরশীল। এবার দক্ষিণ ভারতে এবং অন্যত্র একাধিক রাজ্যে বৃষ্টির ঘাটতির কারণেই ধানচাষের জমি কিছুটা কমেছে। মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘকালীন গড়ের থেকে গতবছর দেশে সার্বিকভাবে বৃষ্টি বেশি হয়েছিল। এবার এখনো পর্যন্ত তা ১৪ শতাংশ কম।
এবার দেশে অবশ্য ডালচাষের জমি গতবছরের তুলনায় বেড়েছে। কৃষিমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ হেক্টর জমিতে ডালচাষ হয়েছে। গতবছর এইসময়ে তা ছিল ১ কোটি ১৫ লক্ষ হেক্টর। দেশে অবশ্য স্বাভাবিকের থেকে কম জমিতে এবার ডালচাষ হয়েছে। এই চাষে স্বাভাবিক জমির পরিমাণ ১ কোটি ২৩ লক্ষ হেক্টর। অন্যদিকে, বিভিন্ন তৈলবীজের চাষ গতবছরের থেকে কিছুটা কম হয়েছে। গত বছর ১ কোটি ৯৩ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ চাষ হয়েছিল। এবার হয়েছে ১ কোটি ৯২ লক্ষ হেক্টর জমিতে। তৈলবীজ চাষের স্বাভাবিক জমির পরিমাণ প্রায় ২ কোটি হেক্টর। ভুট্টাসহ বিভিন্ন মোটা দানাশস্যের চাষ গতবছরের এবং স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। এবার মোটা দানাশস্যের চাষ হয়েছে ১ কোটি ৮১ লক্ষ হেক্টর জমিতে। গতবছর এটা ছিল ১ কোটি ৮২ লক্ষ হেক্টর। আখের চাষ গতবছরের থেকে সামান্য কম হয়েছে। এবছর ৫৮ লক্ষ ৪৭ হাজার হেক্টর জমিতে আখচাষ হয়েছে। গতবছর এইসময়ে তা ছিল ৫৮ লক্ষ ৫৭ হাজার হেক্টর। তুলাচাষের জমি মোটামুটি একই আছে। খরিফ ফসল রোপণের কাজ সেপ্টেম্বর মাসের শুরুতেই মোটামুটি শেষ হয়ে যায়। তাই এই পরিসংখ্যানের বিশেষ কোনো পরিবর্তন আর হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। চলতি মাসে বর্ষার হাল হকিকত কীরকম থাকে ফলন নির্ভর করছে তার উপর।