নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ঢালাও প্রতিশ্রুতি। মানুষের পাশে থাকার বার্তা। বাদ যায়নি কিছুই। কিন্তু চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও তিনি কথা রাখেননি। ইদানিং ভোটার কার্ড, পাসপোর্টের প্রসঙ্গ তুলে ভূমিপুত্র সাজার চেষ্টা করলেও, খড়গপুর শহরবাসী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে ‘ডুমুরের ফুল’ বলেই ডাকেন। বিধায়ককে পাশে না পেয়ে ক্ষুব্ধ রেল শহরের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হিরণ বিধায়কের পাশাপাশি ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও। তাঁর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কিন্তু সেই সমস্যা সমাধানে হিরণকে পাশে পায়নি সাধারণ মানুষ। বিধায়কের এই ব্যবহারে ক্ষুব্ধ জেলা বিজেপির নেতাকর্মীদের একাংশ। কারণ, এতে বিজেপির ভাবমূর্তি তলানিতে নেমে এসেছে। শহরের এক বাসিন্দার কথায়, বিধায়ক বেশিভাগ সময়ে জেলার বাইরেই থাকেন। কেউ কোনও সমস্যায় পড়লে তাঁর নম্বরে ফোন করা ছাড়া উপায় নেই। মাঝে মধ্যে এলে শুধু প্রতিশ্রুতি দিয়েই ফিরে যান।রবিবার খড়গপুর শহরের নিজের ওয়ার্ডে ঝটিকা সফরে মানুষের সমস্যার সমাধান করতে এসেছিলেন হিরণ। সেই সময়ে তিনি বলেন, আমরা যাঁরা রাজনৈতিক প্রতিনিধি, তাঁদের মানুষ ভোট দিয়ে জেতায়। আমি খড়গপুরে চার বছর ধরে পড়ে রয়েছি। খড়গপুরেই থাকি। আমার পাসপোর্ট খড়গপুরের, ভোটার কার্ডটাও এই এলাকার। প্রাক্তন ও বর্তমান সাংসদ দুজনের কেউই এখনকার ভোটার নন। মেদিনীপুরের পাসপোর্ট নেই। এখানে যিনি আগে বিধায়ক ছিলেন, তিনি রেলের বাংলোতে থাকতেন। কিন্তু, আমি নিজের পয়সা খরচ করে থাকি।



