Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আফগানিস্তানকে হারাতে মরিয়া খালিদের ভারত

কাফা নেশনস কাপে বৃহস্পতিবার ফের মাঠে নামছে ভারত। হিসরের সেন্ট্রাল স্টেডিয়ামে ব্লু টাইগার্সের প্রতিপক্ষ আফগানিস্তান।

আফগানিস্তানকে হারাতে মরিয়া খালিদের ভারত
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাফা নেশনস কাপে বৃহস্পতিবার ফের মাঠে নামছে ভারত। হিসরের সেন্ট্রাল স্টেডিয়ামে ব্লু টাইগার্সের প্রতিপক্ষ আফগানিস্তান। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিংগানকে পাচ্ছেন না খালিদ জামিল। ইরানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন সন্দেশ। তাঁর চোয়াল ভেঙেছে। তড়িঘড়ি দেশে ফিরিয়ে আনা হল এই ডিফেন্ডারকে। সন্দেশের চিকিৎসার খরচ ফেডারেশনই বহন করবে। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। গ্রুপ ‘বি’তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দু’টি ম্যাচে তাদের পয়েন্ট ৩। পয়েন্টের বিচারে তাজিকিস্তান একই বিন্দুতে থাকলেও হেড টু হেড নিয়মে পিছিয়ে তারা। সেক্ষেত্রে আফগানিস্তানকে হারাতে পারলে গুরপ্রীতদের নক-আউটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। অন্য ম্যাচে তাজিকিস্তানের প্রতিপক্ষ ইরান। এই ম্যাচে ইরান জিতলেই ভারতের লাভ। তবে কোনওভাবে তাজিকিস্তান অঘটন ঘটালে খালিদের বিপদ অনিবার্য। সেক্ষেত্রে গোল পার্থক্য বিবেচিত হবে। এখানেই পিছিয়ে আনোয়াররা। তবে কোচ খালিদ জামিল অঙ্কের জটিলতায় যেতে নারাজ। যে করেই হোক, আফগানদের বশ মানতে মরিয়া তিনি। ম্যাচের আগে খালিদের মন্তব্য, ‘সন্দেশের না থাকাটা ধাক্কা। সেই ঘাটতি মেটানোই বাকিদের চ্যালেঞ্জ।’ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দল ফাইনাল খেলবে। গ্রুপ রানার্সরা তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে মুখোমুখি হবে।

Advertisement

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে আফগানদের র‌্যাঙ্কিং ১৬১। চলতি টুর্নামেন্টে দু’টি ম্যাচেই হেরেছে তারা। দু’দলের মুখোমুখি সাক্ষাতেও ভারতই এগিয়ে। ১৩ টি ম্যাচে জিতেছে ব্লু টাইগার্স। হার মাত্র দু’বার। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারতকে চমকে দেয় আফগানরা। গুয়াহাটিতে পাশার দান উল্টে দেয় তারা। তাই ম্যাচের আগে কোচ খালিদ জামিল বেশ সতর্ক। পছন্দের আল্ট্রা-ডিফেন্সিভ ফর্মেশন থেকে সরতে নারাজ তিনি। ঘর বাঁচিয়ে হানা দিতে দিতে চান আফগান দুর্গে। নাওরেম মহেশ ও জিতিন এম এস খালিদের দুই ট্রাম্প কার্ড। পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবহারের ভারনা রয়েছে। তবে রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। সন্দেশ ঝিংগানের বিকল্প খুঁজতে বেশ চিন্তায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে চিঙ্গলসানা সিংকে খেলানোর ভাবনা রয়েছে। অভিজ্ঞ রাহুল ভেকেও স্টপারে সাবলীল। সেক্ষেত্রে উইং ব্যাকে অপশন ভাবতে হবে মুম্বইকরকে। কাফা নেশনস কাপে ইতিমধ্যেই হাফ ডজন গোল হজম করেছে আফগানিস্তান। তবে ভারতীয় দলে লক্ষ্যভেদের দুর্বলতা প্রকট। তাজিকিস্তানের বিরুদ্ধে জাল কাঁপিয়েছেন দুই ডিফেন্ডার আনোয়ার ও সন্দেশ। বৃহস্পতিবার তাই আপফ্রন্টের ফুটবলারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে।
 ম্যাচ শুরু বিকেল ৫-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ