গোয়া: এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের ফিরতি ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-১ ব্যবধানে শেষ হয়েছিল ম্যাচ। গোয়ায় তাই জয় পেতে মরিয়া খালিদ জামিল-ব্রিগেড। শনিবার তারই প্রস্তুতি শুরু করেদিল ব্লু টাইগার্স। এই ম্যাচের জন্য জাতীয় শিবিরে ডাকা হয়েছে শুভাশিস বসু ও আপুইয়াকে। এদিন বিকেলে তাঁরাও দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন। আসলে কার্ড সমস্যায় সন্দেশ ঝিংগানকে এই ম্যাচে পাচ্ছেন না কোচ খালিদ। অভিজ্ঞ ডিফেন্ডারের অভাব ঢাকাই বড় চ্যালেঞ্জ ভারতীয় কোচের।
জাতীয় দলের দায়িত্ব নিয়ে সাফল্যের মুখ দেখিয়েছেন খালিদ। কাফা নেশনস কাপে তাঁর কোচিংয়েই তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। আল্ট্রা-ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতেই তাঁর ভরসা। কিন্তু সেই রণকৌশল জোর ধাক্কা খেয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ২৪ ধাপ পিছিয়ে থাকা দল মাথায় চড়ে বসল। তবু ফিরতি ম্যাচেও সেই স্ট্র্যাটেজি ছেড়ে বেরনোর সম্ভাবনা ক্ষীণ। কারণ, শুভাশিস ও আপুইয়াকে দলে ডেকে রক্ষণে শক্তি আরও বাড়িয়ে রাখলেন তিনি। পাশাপাশি ঘরের মাঠে দলেও কিছু বদল আনতে পারেন ভারতীয় কোচ। বিশেষ করে মাঝমাঠের গতি আনতে সাহাল আব্দুল সামদকে প্রথম একাদশে ব্যবহার করা হতে পারে।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’তে শীর্ষে রয়েছে হংকং। দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। ৩ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। সুনীল ছেত্রীদের অবস্থান তৃতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট পেয়েছেন তাঁরা। তাই ঘরের মাঠে পরের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। জিতলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ থাকবে ভারতের।