Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতকে হারাতে মরিয়া কেশব

২০১০ সালে শেষবার ভারতে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর কেটে গিয়েছে ১৫ বছর।

ভারতকে হারাতে মরিয়া কেশব
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১০ সালে শেষবার ভারতে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর কেটে গিয়েছে ১৫ বছর। লাল বলের ক্রিকেটে এদেশে সাফল্যের মুখ দেখেনি প্রোটিয়ারা। এবার খরা কাটাতে বদ্ধপরিকর সফরকারী দল। অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ বলছেন, ‘দলের সবাই ভালো কিছুর আশায় রয়েছে। ভারতকে হারাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এটা খুব কঠিন সফর হতে চলেছে। হতে পারে, চলতি বছরে এটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। নিজেদের চেনানোর অসাধারণ সুযোগ। তাছাড়া আমরা কতটা এগিয়েছি, সেটাও যাচাই করা যাবে। ইদানীং কালে উপমহাদেশের অন্যত্র আমরা জিতেছি। কিন্তু ভারতে দীর্ঘদিন সাফল্য মেলেনি। সেজন্যই এই সিরিজটা দখল করতে আমাদের তাগিদ বেশি।’

Advertisement

সম্প্রতি টেস্টে রীতিমতো ধারাবাহিক দক্ষিণ আফ্রিকা। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে তেম্বা বাভুমার দল। কিন্তু ২০১৫ ও ২০১৯ সালে এদেশে শেষ দুই সফরে টেস্ট সিরিজে তারা ০-৩ ব্যবধানেই হেরেছে। এবার অবশ্য দুই টেস্টের সিরিজ খেলবে প্রোটিয়ারা। আর তাতে খুব একটা স্পিন-সহায়ক পিচ পাওয়ার আশা করছেন না কেশব। তিনি বলেছেন, ‘পাকিস্তানের মতো ভারতে টার্নিং পিচ পাওয়া যাবে না। এখানে ভালো উইকেটেই খেলা হবে। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বল ঘুরবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজেও ভারত এমন পিচেই খেলেছে। তাই পঞ্চমদিন পর্যন্ত খেলা গড়িয়েছিল।’ শুভমান গিল ব্রিগেড সম্পর্কে কেশবের মূল্যায়ন, ‘ভারত অসাধারণ দল। ওরা পালাবদল পর্বটা দারুণভাবে সামলেছে। আমার মনে হয়, এই সিরিজে ভারত পিচ নিয়ে ঝুঁকি নেবে না।’ পাকিস্তানে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দলের মনোবল বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ