Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুঁসছে কেলেঘাই, কপালেশ্বরী বন্যার ভ্রূকুটি ডেবরা, সবংয়ে

এ যেন মেঘভাঙা বৃষ্টি! টানা চব্বিশ ঘণ্টার বেশি প্রবল বর্ষণ ডেবরা, সবং, পিংলা, নারায়ণগড়, কেশিয়াড়ি, মোহনপুর সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়।

ফুঁসছে কেলেঘাই, কপালেশ্বরী বন্যার ভ্রূকুটি ডেবরা, সবংয়ে
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর ও বেলদা: এ যেন মেঘভাঙা বৃষ্টি! টানা চব্বিশ ঘণ্টার বেশি প্রবল বর্ষণ ডেবরা, সবং, পিংলা, নারায়ণগড়, কেশিয়াড়ি, মোহনপুর সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। ফুঁসছে কেলেঘাই ও কপালেশ্বরী নদী। বন্যার ভ্রুকুটি সবং, নারায়ণগড় ও মোহনপুর ব্লকের বিভিন্ন এলাকায়। জলমগ্ন হয়ে পড়েছে সবংয়ের বিষ্ণুপুর, দশগ্রাম, মোহাড়, চাউলকুড়ি, ভেমুয়া অঞ্চলের একাধিক গ্রাম। সবথেকে খারাপ অবস্থা নারায়ণবাড়, বীরভানপুর, গোপালচক, দশগ্রাম, মোহাড়, বিষ্ণুপুর প্রভৃতি এলাকার। নারায়ণগড়ের পাকুড়শেনি ও মকরামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকাও প্লাবিত হয়েছে। ওই এলাকার প্রায় ৮০ পরিবারকে নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মোহনপুরের নীলদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষও দুর্ভোগের মধ্যে পড়েছেন। মকরামপুরের বেলটি এলাকায় কেলেঘাই ব্রিজ ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে সেখানে পৌঁছান বিডিও তাপস বিশ্বাস ও ওসি গোবর্ধন সাউ। সবংয়ের দশগ্রাম সহ বিভিন্ন এলাকায় ত্রিপল ও শুকনো খাবার পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন বিডিও রোমান মণ্ডল। গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে সবংয়ে। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর জেরে নদী ও খালবিলের জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। ফুঁসছে কেলেঘাই ও কপালেশ্বরী। সবংয়ের বাড়জীবন এলাকায় কপালেশ্বরী সেতুর একটি অংশে ধস নামায় আতঙ্কিত বাসিন্দারা।
বৃহস্পতিবারও সারা রাত এভাবেই বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে জানিয়েছেন প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা সবংয়ের বর্ষীয়ান বিজেপি নেতা অমূল্য মাইতি। প্রশাসন ছাড়াও এদিন বিজেপির তরফে মকরামপুর হাইস্কুলের ত্রাণ শিবিরে ত্রাণসামগ্রী বন্টন করা হয় বলে জানান জেলার সাধারণ সম্পাদক গোপাল বেরা। নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি ডহরপুর সহ একাধিক এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সবংয়ের বিধায়ক অমল পন্ডা বলে, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।

Advertisement
সম্পর্কিত সংবাদ