সংবাদদাতা, শীতলকুচি: ‘বর্তমান’-এর খবরের জেরে শীতলকুচি ব্লকের খেংচি কাছারিঘাট এলাকায় বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হল। প্রায় এক মাস আগে পাথর বোঝাই ডাম্পারের ভারে শীতলকুচি ব্লকের কাছারিঘাট সেতু ভেঙে পড়ে। বাঁশের সাঁকো নির্মাণ না হওয়ায় ভাঙা সেতু দিয়েই বিপজ্জনক ভাবে যাতায়াতের খবর প্রকাশিত হয়। স্থানীয় বাসিন্দা বিনয়চন্দ্র বর্মন বলেন, বাঁশের সাঁকো নির্মাণ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কমবে। তবে এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানাই। শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, বাসিন্দাদের দাবি মেনে বাঁশের সাঁকো নির্মাণ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হবে।



