বিশাখাপত্তনম: দুর্বল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে উড়ছিল ভারতীয় মহিলা দল। বৃহস্পতিবার হরমনপ্রীত কাউরদের মাটিতে নামিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে ২৫১ রানের পুঁজিও আগলাতে ব্যর্থ টিম ইন্ডিয়া। হারের পর টপ অর্ডারকে দুষেছেন ক্যাপ্টেন হরমনপ্রীত। তিনি বলেন, ‘কঠিন ম্যাচ ছিল। টপ অর্ডার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। এই সমস্যা দ্রুত মেটাতে হবে। টুর্নামেন্ট এখনও অনেক বাকি। এই হার থেকে শিক্ষা নিতে হবে।’
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ১০২ রানে ৬ উইকেট খুইয়েছিল ভারত। ওপেনার প্রতীকা রাওয়াল ৩৭ রানের ইনিংস খেলেন। স্মৃতি মান্ধানার সংগ্রহ ২৩। তিনে নামা হারলিন দেওল ১৩ রান করেন। বলাই বাহুল্য, টপ অর্ডার ব্যর্থ। ততোধিক খারাপ মিডল অর্ডার। সেই তালিকায় সবার উপরে থাকবে হরমনপ্রীত কাউরের নাম। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৪৯ রান। ব্যর্থতার ধারা বজায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ক্যাপ্টেন। অন্যদের দোষারোপ করার আগে তাঁর উচিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দেখা। আর কবে দায়িত্ববোধের পরিচয় দেবেন দলের সবচেয়ে সিনিয়র মেম্বার? অথচ বিশাখাপত্তনমের উইকেটে কোনও জুজু ছিল না। সেটা রিচা ঘোষ দেখিয়ে দিয়েছেন। আট নম্বরে নেমে বাংলার লড়াকু কন্যার ৯৪ রানের ইনিংসের সুবাদেই আড়াইশোর গণ্ডি টপকাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। কিন্তু বোলারদের ব্যর্থতায় বিফলে যায় রিচার মরিয়া লড়াই। তবে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হরমনপ্রীত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিচা দারুণ ফর্মে রয়েছে। আশা করি, পরের ম্যাচগুলিতেও এই ছন্দ বজায় রাখবে।’ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ভারত। পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসিড টেস্ট অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার সামনে।