Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া শহরের সব রাস্তার হাল কেমন জানতে রোড সেফটি অডিট শুরু পুরসভার

শহরাঞ্চলে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। বহু প্রাণ অকালে ঝরে যাচ্ছে।

কাটোয়া শহরের সব রাস্তার হাল কেমন  জানতে রোড সেফটি অডিট শুরু পুরসভার
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: শহরাঞ্চলে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। বহু প্রাণ অকালে ঝরে যাচ্ছে। তাই এবার শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল দপ্তর। রাজ্যের সব পুরসভাগুলিতে রোড সেফটি অডিট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাটোয়া শহরেও রাস্তার হাল-হকিকত জানতে অডিট শুরু করে পুর কর্তৃপক্ষ। 

Advertisement

কাটোয়া শহরের ২০টি ওয়ার্ড মিলিয়ে মোট ৭.৮৫ কিলোমিটার রাস্তা রয়েছে। কয়েকদিন আগেই শহরের মাধবীতলায় এক স্কুটিচালক মহিলার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। কাটোয়া শহরের ঘুটকিয়াপাড়াতেও বছর দুই আগে এক বাইক চালকের মৃত্যু ঘটে। শহরের রাস্তায় অনেক জায়গাতেই বাঁক রয়েছে। যেগুলি বিপজ্জ্বনক। পুরানো এই শহরের পরিকাঠামোও ভালো নয়। খুব বেশি চওড়া নয় কাটোয়ার রাস্তাগুলি। তাই এদিন শহরজুড়ে রাস্তার হাল-হকিকত জানতে অডিট শুরু করল পুরসভা। 
এদিন রোড সেফটি অডিটে নামেন কাটোয়া পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বরুণ পাল, এমইডি-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মৃণালকান্তি দেবনাথ, কাটোয়া পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চঞ্চল কুমার মণ্ডল, কাটোয়ার ট্রাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি ও ট্রাফিক ওসি সৌভিক গুপ্ত। এদিন শহরের পুরসভা মোড়, বল্লভপাড়া ফেরিঘাটের মোড়, কারবালাতলা মোড়, মাধবীতলা মোড়, বারোয়ারিতলা মোড়, পাঁচঘড়া মোড় সহ সব গুরুত্বপূর্ণ এলাকার রাস্তার অডিট হয়। এসব দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে প্রযুক্তির সাহায্যে অডিট করেছে পুরসভা। তার জন্য কাটোয়া শহরের রাস্তাগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোথায় ক্রাশ ডিভাইডার প্রয়োজন হবে, কোথায়ই বা রিফ্লেক্টিভ রোড ল্যাম্প বা রোড সাইন লাগবে এসব খুঁটিয়ে দেখছেন আধিকারিকরা। 
পুরসভার এগজিকিউটিভ অফিসার চঞ্চলকুমার মণ্ডল বলেন, রাস্তায় দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতায় কী-কী প্রয়োজন তার অডিট করছি। এরপর ডিপিআর প্রস্তুত করে পাঠানো হবে। তারপর কাটোয়া শহরে রাস্তাগুলির গুরুত্বপূর্ণ মোড়ের বাঁকে রোড সাইন বসানোর কাজ হবে। 
শহরগুলির পথ নিরাপত্তার জন্য ‘রোড সেফটি অডিট সেল’ গড়েছে রাজ্য সরকার। শিশু, প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষমদের রাস্তা পারাপার নিয়ে পথ দুর্ঘটনার আশঙ্কা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার কোনও অংশে পথবাতিতে  সমস্যা হচ্ছে কি না, তাও দেখা হচ্ছে। 
কাটোয়া পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বরুণ পাল বলেন, রাজ্যের সব পুরসভাগুলিকে এই অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও অডিট শুরু করেছি। ভবিষ্যতে যাতে সবাই পথনিরাপত্তার কথা মাথায় রেখেই কাটোয়া শহরের রাস্তায় যাতায়াত করতে পারেন, তারই ব্যবস্থা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ