সংবাদদাতা, কান্দি: কাশ্মীরে বিয়ে হওয়া বাঙালি বধূদের বাপের বাড়ির পরিচয় পত্র দেখতে চাইল জম্মু ও কাশ্মীর পুলিস। আধারকার্ড ও এপিক কার্ডের জেরক্স নিয়ে সাত সকালেই সেখানকার থানাগুলিতে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। রবিবার এমনটাই দাবি করেছেন ওইসব বধূদের বাবার বাড়ির লোকজন। ফলে, সকালে কয়েকঘণ্টা উৎকণ্ঠায় কাটালেন ভরতপুর থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের।এদিন, সাত সকালেই পরিচয়পত্র খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন ভরতপুরের একাধিক বাসিন্দা। কেউ বাক্স থেকে আধারকার্ড, ভোটার কার্ড খুঁজে বেড়ান। কেউ আবার জমির কাগজপত্রও খুঁজে বের করেছেন। এরপর সেগুলিকে নিয়ে মোবাইল ব্যবহারকারী যুবকদের কাছে দরবার করছেন। নথিপত্রগুলি ছবি করে কাশ্মীরে থাকা মেয়েদের কাছে পাঠিয়ে দেওয়ার আর্জি করছেন। বেলা ১২টার মধ্যেই ছবি পাঠানোর ব্যবস্থা প্রায় শেষ হয়ে গিয়েছিল। ভরতপুর থানা এলাকার বিভিন্ন গ্রামের দুঃস্থ পরিবারের যুবতীদের বিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি যুবকদের সঙ্গে। তাঁদের কারও সম্প্রতি, কারও ৩০ বছর আগে বিয়ে হয়েছে। কারও আবার তারও আগে বিয়ে হয়েছে। এমন অবস্থায় এদিন সাত সকালেই কাশ্মীরি বধূদের অনেকের ফোন আসে ভরতপুরের বাবার বাড়িতে। তাঁরা তাঁদের বাবা-মা সহ আত্মীয়দের আধারকার্ড, এপিক কার্ডের ছবি তুলে দ্রুত পাঠানোর কথা বলছিলেন। আঙারপুর গ্রামের বাসিন্দা আনোয়ার শেখ বলেন, ‘আমার বোনের বিয়ে দিয়েছি জম্মুতে। সেখান থেকে সকাল সাতটায় ফোন করে আমাদের পরিচয়পত্রগুলি চাইছিল। হঠাৎ এমন প্রয়োজনের কারণ জানারও সময় পাইনি। পরে জানতে পারি সেগুলি ওখানকার থানায় জমা দিতে হবে।’ ভরতপুর ডাঙাপাড়ার বাসিন্দা জাহাঙ্গির শেখ বলেন,



