Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্যান্টারবেরিতে দুরন্ত শতরান করুণ নায়ারের

ক্যান্টারবেরিতে দুরন্ত শতরান করুণ নায়ারের
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

ক্যান্টারবেরি: দুরন্ত সেঞ্চুরি করুণ নায়ারের। সঙ্গে সরফরাজ খানের অনবদ্য ৯২ রান। শুক্রবার দুই ব্যাটসম্যানের সৌজন্যে ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচের প্রথম দিনে সুবিধাজনক অবস্থায় ভারতীয় এ দল। সামনেই ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ। শুভমান গিলের নেতৃত্বাধীন সেই দলে রয়েছেন করুণ। বিরাট-রোহিতের অবসর তাঁর সামনে খুলে দিয়েছে দরজা। প্রথম একাদশে জায়গা অর্জনের লক্ষ্য সামনে রেখে এই ম্যাচে নিজেকে উজাড় করে দিতে মরিয়া ছিলেন তিনি। প্রত্যাশা পূরণে সফল করুণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় এ দল ৩ উইকেটে ৩৩৬ রান তুলেছে। ১৫৪ রানে ব্যাট করছেন করুণ। সঙ্গে রয়েছেন ধ্রুব জুরেল (৪২)।

Advertisement

করুণ শতরান পেলেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৮)। টেস্ট সিরিজের স্কোয়াডে রয়েছেন বাংলার এই ওপেনার। কিন্তু ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। হতাশ করলেন সঙ্গী ওপেনার যশস্বী জয়সওয়ালও (২৪)। ৫১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন করুণ ও সরফরাজ। চার নম্বরে নেমে নজর কাড়লেন টেস্ট দল থেকে ছিটকে যাওয়া এই ব্যাটার। ৯২ রানের ইনিংসে জবাব দিলেন জাতীয় নির্বাচকদের। তবে একটাই আপশোস, মাত্র আট রানের জন্য শতরান হাতছাড়া হল তাঁর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ