Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পেশাল ট্রেনিংয়ে দিনের পর দিন যৌন হেনস্তা শিক্ষার্থীকে, কসবার ঘটনায় গ্রেপ্তার ক্যারাটে শিক্ষক

কসবায় ক্যারাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

স্পেশাল ট্রেনিংয়ে দিনের পর দিন যৌন হেনস্তা শিক্ষার্থীকে, কসবার ঘটনায় গ্রেপ্তার ক্যারাটে শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় ক্যারাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই ক্যারাটে শিক্ষকের নাম স্বপ্নময় চট্টোপাধ্যায়। এক বছরেরও বেশি সময় ধরে সে ওই ছাত্রীকে নানাভাবে যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ। স্পেশাল ট্রেনিংয়ের নাম করে কিশোরীকে বাড়িতে ডেকে ওই শিক্ষক যৌন নিপীড়ন করত বলে অভিযোগ। এমনকি, ওই ঘটনা সে মোবাইলে ক্যামেরাবন্দিও করেছিল। পরে তা কিশোরীর মোবাইলে পাঠিয়ে দেয়। নাবালিকার মা যৌন নিগ্রহের অভিযোগ তোলায় কসবা থানা পকসো আইনে মামলা রুজু করে। সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ক্যারাটে শিক্ষককে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবায় স্বপ্নময়ের ক্যারাটে প্রশিক্ষণের স্কুল রয়েছে। ছাত্রীটি বছর দেড়েক আগে সেখানে ভরতি হয়। অভিযোগ, প্রশিক্ষণের নাম করে প্রতিদিনই তাকে অশ্লীলভাবে স্পর্শ করত ট্রেনার। শারীরিক কসরতের এই খেলায় বিষয়টিকে প্রথমে স্বাভাবিক বলেই ভেবে নিয়েছিল বাড়ির লোকজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই শিক্ষক তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। 
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বলেছিল, তাকে কিছু স্পেশাল টেকনিক শেখাবে। এই টেকনিক সে সবাইকে শেখায় না। এই কৌশল শিখলে বিভিন্ন প্রতিযোগিতায় তার পদক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। একারণে কিশোরীকে তার কসবার বাড়িতে আসতে বলে। স্বভাবতই কিশোরীর পরিবার এনিয়ে সন্দেহ করেনি। এরপর বাড়িতেই তাকে অনুশীলন করাতে শুরু করে অভিযুক্ত। অভিযোগ, সেই সময় তাকে যৌন নিগ্রহ করা হত। এমনকি, জোর করে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছিল বলে অভিযোগ। সেই দৃশ্য ভিডিয়োবন্দি করেছিল গুণধর শিক্ষক। বিষয়টি জানাজানি হলে সেই ভিডিয়ো যে ভাইরাল করা হবে, সেই হুমকিও দিয়ে রেখেছিল সে। শুধু তাই নয়, ঘনিষ্ঠ দৃশ্যের ছবি সে ছাত্রীর মোবাইলেও পাঠিয়েছিল। যে কারণে নির্যাতিতা বাড়িতে বিষয়টি এতদিন জানায়নি। 
পুলিশ জেনেছে, সোমবার নাবালিকার মা মোবাইল ঘাঁটতে গিয়ে মেয়ের সঙ্গে ক্যারাটে শিক্ষকের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ছবি দেখেন। যেগুলি এসেছে ওই শিক্ষকের মোবাইল থেকে। এরপর মেয়ের কাছে গোটা ঘটনার কথা জানতে চাইলে সে মাকে জানায়, ওই শিক্ষক ভয় দেখিয়ে তাকে একাধিকবার যৌন নিগ্রহ করেছে। হুমকির কারণেই সে এতদিন বাড়িতে কিছু জানায়নি। সোমবার দুপুরে নাবালিকার মা কসবা থানায় যৌন নিগ্রহের অভিযোগ করেন। তার ভিত্তিতে কসবা থানা কেস রুজু করে রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের আইনজীবী সৌরভ দাস বলেন, এটা কোনো যৌন নিগ্রহের ঘটনা নয়। সবটাই হয়েছে সম্মতিতে। সরকারি আইনজীবী জানান, নাবালিকাকে দিনের পর দিন ভয় দেখিয়ে যৌন নিগ্রহ করা হয়েছে। সওয়াল শেষে অভিযুক্তকে পুলিশ হেপাজতে পাঠায় আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ