ফ্যামিলি ড্রামা তাঁর চেনা ঘরানা। ফের সেই ঘরানার ছবি পরিচালনা করতে চলেছেন করণ জোহর। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ করণ পরিচালিত শেষ ছবি। সেটিও পারিবারিক ড্রামা। সেই ছবি মুক্তির তিন বছর পর অবশেষে পরিচালনায় ফিরছেন তিনি। তাঁর অষ্টম ছবি নিয়ে। শোনা যাচ্ছে, ‘কভি খুশি কভি গম’ ছবির মতো বড় স্কেলে পারিবারিক গল্প পরিচালনা করবেন তিনি। গত বছরই দীর্ঘদিন পর পরিচালনায় ফেরার কথা ঘোষণা করেছিলেন করণ। বছরের শুরুতেই চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে শ্যুটিং শুরু করবেন করণ। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছর। প্রাক প্রযোজনা পর্বের কাজ শুরু হতে পারে জুন বা জুলাই মাসে। ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন চারজন। দু’টি পুরুষ চরিত্র ও দু’টি মহিলা চরিত্র। সূত্রের খবর, আলিয়া ভাট থাকতে পারেন এই সিনেমায়। বাকি কাস্টিং অবশ্য এখনও জানা যায়নি। শীঘ্রই সেসব ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফে। ছবির নামেও নাকি চমক থাকতে পারে। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছে ‘কভি খুশি কভি গম ২’। আদৌ এই নামটিই করণ রাখেন কি না, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।



