নয়াদিল্লি: সিনেমার পর্দায় রাম-রাবণের যুদ্ধ শেষ হওয়ার আগেই পর্দার বাইরে যুদ্ধের দামামা! একদিকে ‘রাম’ রণবীর কাপুর, অন্যদিকে ‘রাবণ’ যশ। কিন্তু দর্শকের চোখে শেষ পর্যন্ত কে নায়ক, কে খলনায়ক— সেই বিচার হওয়ার আগেই মাঠে নেমে পড়েছেন ধর্মীয় অনুভূতির রক্ষাকর্তারা। চার হাজার কোটির ‘সিনেমাটিক’ মহাকাব্যে এবার ধর্মীয় অনুভূতি আহত হল বিশ্ব হিন্দু পরিষদের! গত ৫ নভেম্বর মুক্তির আলো দেখেছে মেগাবাজেট সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। আর সেই সিনেমা মুক্তি পেতেই রামায়ণের চেয়ে বড়ো হয়ে উঠেছে রামায়ণ রক্ষার মহাযজ্ঞ! বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি, ছবিতে রাবণকে নাকি অতিরিক্ত মহিমান্বিত করা হয়েছে। রামের মহিমা যথেষ্ট প্রতিষ্ঠিত হয়নি। বাদ পড়েছে অহল্যা, নিষাদরাজ গুহক, কৈবর্তের মতো গুরুত্বপূর্ণ চরিত্র। অতএব ছবির সেন্সর সার্টিফিকেট বাতিল করতে হবে, প্রদর্শন বন্ধ করতে হবে।
এর আগে তোপ দেগেছিলেন বি আর চোপড়ার মহাভারতের ‘কৃষ্ণ’ নীতীশ ভরদ্বাজ। এক ইনস্টা পোস্টে এই প্রাক্তন বিজেপি সাংসদ নতুন ‘রামায়ণ’ দেখার পর লিখেছিলেন, ‘রামায়ণ কেবল একটি গল্প নয়, তা সনাতন ভারতের সভ্যতাগত ও আধ্যাত্মিক চেতনার গভীরে প্রোথিত। এই মহাকাব্যের নায়ক, নায়িকা এবং খলনায়ক— সকলেই এর মূল্যবোধ ও বার্তার অবিচ্ছেদ্য অংশ। তাদের চরিত্র বা তাৎপর্যকে হালকাভাবে নতুন করে সংজ্ঞায়িত করা যায় না।’ তাঁর মতে, ধর্ম ও পরম্পরা রক্ষা করা এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্যই মহাবিষ্ণু রাম অবতার গ্রহণ করেছিলেন। সেখানে রাবণকে অত্যন্ত উদার, সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী এবং নিরপেক্ষ একজন চরিত্র হিসাবে উপস্থাপন করার ফলে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি রামায়ণের নৈতিক কাঠামোকেই বদলে দিয়েছে। অবতারের জন্মগ্রহণের মূল উদ্দেশ্যই খর্ব হয়েছে। নীতীশের দাবি, ‘এর নেপথ্যে কোনো এজেন্ডা রয়েছে। এটা শুধু একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তৈরি নয়। ৪০০০ কোটি টাকার বাজেটের এই সিনেমার জন্য লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরশাহি এবং সিঙ্গাপুর থেকে বিপুল টাকা এসেছে। বিভিন্ন উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বিদেশি শক্তিগুলি তো ভারতের অগ্রগতির পরিপন্থী। তাই এহেন ‘মানি ট্রেইলে’র নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তার তদন্ত হওয়া উচিত।’
শনিবার সেই একই সুর শোনা গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগরার গলায়। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ছবির নির্মাতারা মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের বেশ কিছু ঘটনা বিকৃত করেছেন। কোথাও মনগড়া ঘটনা যুক্ত করা হয়েছে, আবার কোথাও গুরুত্বপূর্ণ চরিত্র ও প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। রাবণকে অত্যাচারিত মানুষের মুক্তিদাতা হিসাবে দেখানোর চেষ্টা হয়েছে। এই পরিবর্তনগুলি নিছক সিনেমার প্রয়োজনে করা হয়নি, বরং মহাকাব্যকে বিকৃত করার সচেতন প্রচেষ্টা। এর ফলে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বাগরার মতে, রামায়ণ কেবল একটি ধর্মীয় মহাকাব্য নয়, এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার নৈতিক মূল্যবোধেরও শিক্ষা দেয়। তাই এই মহাকাব্যের বিকৃতি সমাজের নৈতিক ভিত্তির উপর আঘাতের সমান। তাঁর কথায়, হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতি নিয়ে এ ধরনের ছেলেখেলা কখনও মেনে নেওয়া হবে না।
প্রশ্ন ওঠা স্বাভাবিক, ‘রাম’ কি এতটাই অসহায় যে একটি সিনেমার কয়েকটি দৃশ্যেই তাঁর মহিমা ম্লান হয়ে যাবে? আর ‘রাবণ’কে একটু অন্য আলোয় দেখালেই কি রামায়ণের ইতিহাস বদলে যাবে? নাকি রণবীর কাপুরের রামের ভূমিকায় অভিনয়কে ছাপিয়ে গিয়েছেন ‘রাবণ’ যশ?



