চণ্ডীগড়: রবিবার এশিয়া কাপে ভারত-পাক মহারণ। অপারেশন সিন্দুরের পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন আবহে ভারতীয় ক্রিকেটারদের বিশেষ পরামর্শ দিলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায়, ‘ভারত শক্তিশালী দল। পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই জেতা উচিত। তাই গিল, সূর্যদের উদ্দেশে বলব, তোমরা ক্রিকেটে ফোকাস কর। বাইরের আওয়াজে কান দিও না। দুই দেশের সমস্যা নিয়ে সরকারকে ভাবতে দাও। তোমরা স্রেফ মন দিয়ে খেল এবং জিতে এসো।’
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন বন্ধ। তবে এশিয়া কাপে একাধিকবার মুখোমুখি হতে পারে দু’দেশ। গ্রুপের পাশাপাশি সুপার ফোরে ভারত-পাক ম্যাচ অবধারিত। এমনকী ফাইনালেও দেখা হতে পারে সূর্য-আগাদের। এদিকে, গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও দাপটে এশিয়া কাপের অভিযান শুরু করেছে। বুধবার আমিরশাহিকে ৯ উইকেটে দুরমুশ করে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের ছেলেদের প্রশংসায় কপিল বলেন, ‘দুর্দান্ত খেলল ভারত। এই ছন্দ পুরো টুর্নামেন্টে ধরে রাখুক। আশা করব, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে টিম ইন্ডিয়া। শুভকামনা রইল।’ কপিলের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় শোনা গিয়েছে ওয়াসিম আক্রামের গলায়। বিশেষ করে কুলদীপ যাদবকে দেখে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার। তাঁর কথায়, ‘কেকেআরের কোচ থাকাকালীন কুলদীপকে প্রথম দেখেছিলাম। তখন ও অনেক ছোট। সেই সময় সামি ও কুলদীপ আমার ছায়াসঙ্গী ছিল। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ একসঙ্গেই করতাম। তখনই কুলদীপের শেখার খিদে আমার নজরে এসেছিল। এখন ওকে দেখে আমি আপ্লুত। ওর বোলিং বৈচিত্র্য রিপ্লেতেও ধরা মুশকিল। এছাড়া অভিষেক শর্মার ব্যাটিংয়েও আমি মুগ্ধ।’