Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথি-শৌলা রাস্তা বেহাল, চরম ভোগান্তি

দীর্ঘদিন ধরে কাঁথি-শৌলা রাস্তার বেহাল অবস্থা। প্রায় ১০কিলোমিটার রাস্তার অত্যন্ত ভগ্নদশা।

কাঁথি-শৌলা রাস্তা বেহাল, চরম ভোগান্তি
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীর্ঘদিন ধরে কাঁথি-শৌলা রাস্তার বেহাল অবস্থা। প্রায় ১০কিলোমিটার রাস্তার অত্যন্ত ভগ্নদশা। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও সঙ্গীন হয়েছে। বহু জায়গা খানাখন্দে ভরে গিয়েছে। এরফলে এই রাস্তায় এলাকার বাসিন্দারা যাতায়াতে সমস্যায় পড়েছেন। তাঁরা অবিলম্বে রাস্তাটি মেরামতি করার দাবি জানিয়েছেন। 
উল্লেখ্য, কাঁথি শহরের ধনদিঘি সংলগ্ন ব্রিজ থেকে কাঁথি খাল বরাবর পাকা  রাস্তাটি শৌলা পর্যন্ত গিয়েছে। রাস্তাটি শৌলা মৎস্যবন্দরের কাছে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তাটি দিয়ে নয়াপুট পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন যাতায়াত করেন। পার্শ্ববর্তী সাবাজপুট পঞ্চায়েতের একাংশের মানুষও এই রাস্তাটি ব্যবহার করে। এই রাস্তা দিয়ে খুব সহজেই শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। মন্দারমণি সহ সংশ্লিষ্ট রামনগর-২ ব্লকের কালিন্দী পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদেরও এই রাস্তায় যাতায়াতে সুবিধা হয়। শৌলায় মৎস্যবন্দর থাকায় বহু মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী যাতায়াত করেন। শৌলা সহ আশপাশে বগুড়ানজালপাই, দক্ষিণ পুরুষোত্তমপুর সহ কয়েকটি পর্যটন কেন্দ্র থাকায় এই রাস্তায় সবসময় ভ্রমণপিপাসু মানুষজনের আনাগোনা লেগেই থাকে। প্রতিদিন কয়েকশো গাড়ি এই রাস্তা দিয়ে ছুটে চলে। আগে এই রাস্তা দিয়ে নয়াপুট পঞ্চায়েত এলাকার বাসিন্দারা যাতায়াত করতেন। তবে কয়েক বছর আগে খালের পূর্বদিকে নতুন পাকা রাস্তা তৈরি হওয়ার পর পুরনো রাস্তায় এলাকার মানুষের যাতায়াত কিছুটা হলেও কমেছে। যাতায়াত কমার কারণে রাস্তাটি নিয়ে প্রশাসন নীরব বলে এলাকার বাসিন্দাদের বক্তব্য। তাছাড়া বেহাল হওয়ার জন্যই অনেকে এই রাস্তাটি এড়িয়ে চলেন। কিন্তু, সংলগ্ন গ্রামের বাসিন্দাদের এই রাস্তা ব্যবহার করতেই হয়। তাই এই রাস্তার গুরুত্ব আগের মতোই রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তাটি তৈরি হলেও পরবর্তীকালে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার আওতায় আসে। শৌলা সংলগ্ন পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা সুখরঞ্জন জানা বলেন, বেহাল রাস্তার জন্য প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে এলাকার বাসিন্দাদের রাতের বেলায় যাতায়াত করা খুবই সমস্যা। রাস্তাটি অবিলম্বে সংস্কার করা দরকার। 
নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের বহু ছাত্রছাত্রী এই রাস্তাটি ব্যবহার করে। প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই বলেন, রাস্তাটি অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উমেশ প্রধান বলেন, আমরা রাস্তাটি সংস্কারের ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলেছি।
বিডিও অমিতাভ বিশ্বাস বলেন, রাস্তার বেহাল দশা সম্পর্কে আমরা অবগত। এই রাস্তাটি ডিএসডিএর অধীনে রয়েছে। আমরা ডিএসডিএর কাছে এব্যাপারে প্রস্তাব জমা দেব।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ