• ‘সাংসদ হলে বলিউড ছেড়ে দেব’। লোকসভা নির্বাচনের প্রচারে ঘোষণা করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে কথা রাখলেন না তিনি। বলিউডকে ছাড়তে পারলেন না মাণ্ডির সাংসদ। মঙ্গলবার ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই শ্যুটিং শুরুর ছবি শেয়ার করেছেন নায়িকা।
কঙ্গনার পরপর একাধিক ছবি ফ্লপ হয়েছে। ‘তেজস’, ‘ধাকড়’, ‘চন্দ্রমুখী ২’-এর মতো একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আশা জাগিয়েছিল ‘ইমার্জেন্সি’। বহু বিতর্কের পর সেই ছবি মুক্তি পায়। যদিও সেটিও বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি। তবে ওটিটি সংস্থা কিনে নেওয়ায় ছবিটি লাভ করতে পেরেছিল। এই আবহে নতুন ছবির শ্যুটিং শুরু করতে পেরে আপ্লুত কঙ্গনা। লোকসভা নির্বাচনের পরেই এই ছবির কথা ঘোষণা করেছিলেন নায়িকা। এতদিন পর সেটির শ্যুটিং শুরু হল। দেশাত্মবোধক ছবিটির মাধ্যমে নায়িকার ফ্লপের খরা কাটে কি না, তা দেখার অপেক্ষায় ইন্ডাস্ট্রি। উল্লেখ্য, ‘তনু ওয়েডস মনু’ ছবির সিক্যুয়েলেও কাজ করার কথা রয়েছে কঙ্গনার।