Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোয় কমিটি পিছু ১০ হাজার অনুদান দেবে কান্দি পুরসভাও

রাজ্য সরকারের টাকা পায় না এমন দুর্গাপুজোগুলিকে আর্থিক অনুদান দেবে কান্দি পুরসভা। সম্প্রতি সেইসব পুজোগুলিকে চিহ্নিত করা শুরু হয়েছে।

পুজোয় কমিটি পিছু ১০ হাজার অনুদান দেবে কান্দি পুরসভাও
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: রাজ্য সরকারের টাকা পায় না এমন দুর্গাপুজোগুলিকে আর্থিক অনুদান দেবে কান্দি পুরসভা। সম্প্রতি সেইসব পুজোগুলিকে চিহ্নিত করা শুরু হয়েছে। প্রতিটি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এলাকা পরিষ্কার রাখার সঙ্গে পুজোয় সুস্থ পরিবেশ বজায় রাখতেই এই অনুদান দেওয়া হবে।

Advertisement

কান্দি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কান্দি পুর এলাকায় এবছর প্রায় ৮০টি পুজো সরকারি অনুদান পেতে চলেছে। সংখ্যাটা বাড়তেও পারে। তবে কান্দি পুর এলাকায় অনেক পুজো আছে যারা ওই অনুদান পায় না। এমন পুজোগুলিকে চিহ্নিত করতে শুরু করেছে কান্দি পুরসভা। পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, রাজ্য সরকারের অনুদান পাচ্ছে না এমন পুজো কমিটিগুলিকে উৎসাহ দেওয়ার জন্যই এই ব্যবস্থা। মহালয়ার আগেই আর্থিক অনুদান পুজো কমিটিগুলির কাছে পৌঁছে যাবে। শুধু আর্থিক অনুদান নয়, এর সঙ্গে মেডিক্যাল কিট, জলের গাড়ি, অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধাও দেওয়া হবে। বারোয়ারি, বাড়ি ও ক্লাবের পুজোও রয়েছে এই তালিকায়। আপাতত ২৫টি পুজো কমিটিকে বাছা হয়েছে। তবে সংখ্যাটা বাড়তেও পারে।
পুরসভার এই ঘোষণার পর ওইসব কমিটির সদস্যরা খুশি। তালিকায় থাকা জেমো ফুলতলা পুজো কমিটির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ রায় বলেন, পুরসভার এই ব্যবস্থায় আমরা আনন্দিত। অনুদান ১০ হাজার টাকা হলেও পাশে থাকার বার্তাটাই আমাদের কাছে বড় পাওনা। শহরের গোপীনাথপুর পেট্রল পাম্পের কাছে মাস্টারপাড়ার দুর্গাপুজোও রয়েছে ওই তালিকায়। এই পুজো কমিটির সদস্য প্রণব সরকার বলেন, বাঙালির সেরা উৎসবে পুরসভা যে এভাবে পাশে দাঁড়াবে এটা আমাদের কাছে গর্বের। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, বিভিন্ন কারণে কিছু পুজো কমিটি রাজ্য সরকারের আর্থিক অনুদান পায় না। সেই পুজোগুলিতে সুস্থ ও আনন্দময় পরিবেশ তৈরির চেষ্টার জন্য পুরসভাকে সাধুবাদ জানাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ