Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে প্রথম ব্যাচের ফলই নজরকাড়া

কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে প্রথম ব্যাচের ফলই নজরকাড়া
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে প্রথম ব্যাচের উচ্চ মাধ্যমিকের ফলাফলই নজরকাড়া হল। এই স্কুল থেকেই রাজদীপ শাসমল ৪৯০ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন। সেখানকার অন্যান্য ছাত্ররাও চমকপ্রদ ফল করেছেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, এবারই প্রথম ওই স্কুল থেকে ৪৩জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। প্রত্যেকেই পাশ করেছেন। ৩৮জন স্টার পেয়েছেন। ছ’জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। ২৭জন পেয়েছেন ৮০ শতাংশের বেশি নম্বর। স্কুলের দ্বিতীয় সর্বোচ্চ হয়েছেন সাগ্নিক সাউ। তিনি ৪৭৬ নম্বর পেয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দী জি মহারাজ বলেন, আমাদের স্কুলে প্রত্যেক পড়ুয়ার ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। স্কুলে গুরুত্ব সহকারে ক্লাস ও প্রাকটিক্যাল করানো হয়। রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া রাজদীপের ৭৫ শতাংশের বেশি উপস্থিতি ছিল স্কুলে। আমরা স্কুলের তরফে অতিরিক্ত শিক্ষক নিয়োগ করে ছাত্রদের পড়িয়েছি। তার ভিত্তিতে প্রথম বছরের ফলাফল ভালোই হয়েছে। ছাত্রদের নিয়মিত মেডিটেশন করানো হয়। তার সঙ্গে আমরা ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি। ছাত্রদেরও তা করতে বলি। শিক্ষক, ছাত্র, অভিভাবক প্রত্যেকের চেষ্টাতেই উচ্চ মাধ্যমিকের ফলাফল হয়েছে। মেধা তালিকায় স্থানাধিকারী ছাত্র রাজদীপ বলেন, স্কুল থেকে অনেক সাহায্য পেয়েছি। টিউশনি পড়ার পর রাত জেগে সেলফ স্টাডি করতাম। আমাদের স্কুলে মানুষ গড়ার পাঠ দেওয়া হয়। আমরাও ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদাদেবী ও স্বামীজির আদৰ্শ মাথায় নিয়ে চলি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ