Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটির ত্রাস জয়ন্তর বাড়ি ভাঙার নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ, নাকচ আর্জি

কামারহাটির ত্রাস জয়ন্ত সিংয়ের পেল্লায় বাড়ি ভাঙার নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছিল মামলা। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে মামলাটি উঠলেও মামলাকারীর আবেদন গ্রহণ করেননি বিচারপতি।

কামারহাটির ত্রাস জয়ন্তর বাড়ি ভাঙার নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ, নাকচ আর্জি
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কামারহাটির ত্রাস জয়ন্ত সিংয়ের পেল্লায় বাড়ি ভাঙার নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছিল মামলা। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে মামলাটি উঠলেও মামলাকারীর আবেদন গ্রহণ করেননি বিচারপতি। মামলাকারীকে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

Advertisement

জয়ন্তর ওই বাড়িতেই থাকেন প্রকাশকুমার সিং নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, বাড়ি ভাঙার কাজে পুরসভা পুর আইন মানছে না। বাসিন্দাদের বক্তব্য রাখার অধিকার না দিয়েই বাড়িটি ভাঙার নোটিস জারি করা হয়েছে। উল্লেখ্য, ১৯ মে ওই বাড়ি ভাঙার নির্দেশ দেয় বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গল বেঞ্চ। আইনের ওই যুক্তি দেখিয়ে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন প্রকাশ। শুনানিতে তাঁর আইনজীবীর দাবি, দশদিনের মধ্যেই ওই বাড়িটি খালি করার নোটিস দিয়েছে পুরসভা। কিন্তু আইন মাফিক মামলাকারীর বক্তব্য রাখার সুযোগ মেলেনি। যদিও আবেদনটি গ্রহণ করেননি বিচারপতি। বিচারপতি তাঁর নির্দেশে জানান, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলাকারী প্রয়োজনে ডিভিশন বেঞ্চে যেতে পারেন। 
এদিকে, বিচারপতি কান্তের বাড়ি ভাঙার ওই নির্দেশের পর কিছুটা সময় চাইতে হাইকোর্টের দ্বারস্থ হয় পুরসভা। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। এবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এই নির্দেশের পর কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘কারা কী উদ্দেশ্যে কোর্টে যাচ্ছেন জানি না। হাইকোর্টের নির্দেশমতোই বাড়ি ভাঙার প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা শুরু করেছি। এই ব্যাপারে অনলাইনে দরপত্র জমা পড়েছে। নিয়ম মেনে বাড়ি ভাঙার প্রক্রিয়া দ্রুতই শুরু করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ