Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উৎসব মিটতেই শহরজুড়ে সাফাই অভিযানে নামল কল্যাণী পুরসভা

পুজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন কল্যাণীতে।

উৎসব মিটতেই শহরজুড়ে সাফাই অভিযানে নামল কল্যাণী পুরসভা
  • ৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: পুজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন কল্যাণীতে। গত কয়েক বছর ধরেই পুজোর মানচিত্রে স্থান করে নিয়েছে কল্যাণী। তবে পুজোর দিনগুলিতে কল্যাণীর সাধারণ মানুষের একটি অংশ স্বাভাবিক চলাফেরা ও শহরের পরিচ্ছন্নতা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছিল। সোশ্যাল মিডিয়ায় অভিযোগের ঝড় তুলেছেন অনেকে। ভালো-মন্দ নিয়েই রবিবার কল্যাণী লুমিনাস ক্লাবের প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই বছরের দুর্গোৎসব। তবে গত শুক্রবার শহরের বেশিরভাগ প্রতিমাই বিসর্জন হয়ে গিয়েছে। এই উৎসব মিটতে না মিটতেই শনিবার থেকে সাফাই অভিযানে নামল কল্যাণী পুরসভা। শহরের এ এবং বি ব্লকের রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ চলছে। পাশাপাশি দর্শনার্থীদের ফেলে দেওয়া প্লাস্টিক, জলের বোতল সহ নানা আবর্জনা পরিষ্কার করা হয়। জানা গিয়েছে, এরপর জল দিয়ে ধুয়ে ব্লিচিং ছড়ানো হবে। এর জন্য পুরসভার পক্ষ থেকে প্রায় ৫০ জন সাফাই কর্মীকে নামানো হয়েছে। তাঁরা চারটি দলে ভাগ হয়ে কাজ করছেন। এই দলগুলি এদিন কল্যাণী মেন স্টেশন, এ ৯ স্কোয়ার পার্ক, সেন্ট্রাল পার্ক, রথতলা, আইটিআই এলাকায় সাফাই অভিযান করে। তাঁদের কাজ দেখভালের জন্য স্থানীয় কাউন্সিলার ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে অন্যত্র সাফাই অভিযান করা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরকে আগের অবস্থায় ফেরানো পর্যন্ত এই অভিযান চলবে। এই বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, পুজো শেষ হলেও টিম কল্যাণী পুরসভা কিন্তু এখনও রাস্তায়। শহরের রাস্তা, অলিগলি সম্পূর্ণ পরিষ্কারের কাজ চলছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে কল্যাণী শহরকে আমরা ফের আগের জায়গায় ফিরিয়ে আনতে পারব।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ