Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝুলন উৎসবে মেতেছে কালনা, ১০ হাজার টাকা করে সাহায্য মন্ত্রীর

কালনা-১ ব্লকের নান্দাই অঞ্চল সহ পাশের পূর্বস্থলী-১ ব্লকের ধোবা, নিচু চাপাহাটি এলাকায় ঝুলন উৎসব সর্বজনীন উৎসবে রূপ পেয়েছে। সোমবার তার সূচনা হল।

ঝুলন উৎসবে মেতেছে কালনা, ১০ হাজার টাকা করে সাহায্য মন্ত্রীর
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা-১ ব্লকের নান্দাই অঞ্চল সহ পাশের পূর্বস্থলী-১ ব্লকের ধোবা, নিচু চাপাহাটি এলাকায় ঝুলন উৎসব সর্বজনীন উৎসবে রূপ পেয়েছে। সোমবার তার সূচনা হল। এদিন নান্দাই অঞ্চলের বেশ কয়েকটি ঝুলন উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কালনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রবাণী পাল, নান্দাই প্রধান রাখী হালদার প্রমুখ। এদিন তিনি পাঁচটি ঝুলন উৎসব কমিটিকে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। ঝুলন চলবে পাঁচদিন ধরে। পাঁচদিন ধরে চলা ঝুলন উৎসবে হাজার হাজার মানুষের ভিড় হয়।

Advertisement

বিগত বছরের মতো এবারও নান্দাই অঞ্চলে কালীতলা ঝুলন কমিটি, ভাই ভাই সঙ্ঘ, তরুণ সঙ্ঘ ও ধোবার স্বাধীন সঙ্ঘ ঝুলন উৎসবে মেতেছে। মাঝে স্থানীয় মিঠুন ফ্রেডস অ্যাসোসিয়েশনের ঝুলন উৎসব বন্ধ ছিল। এবার তারাও ঝুলন উৎসবে মেতেছে। বিভিন্ন উৎসব কমিটির বাজেট কয়েক লক্ষ টাকা। এদিন স্বপনবাবু তাদের কমিটিকেও ১০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করেন। জীবন্ত মডেলের মধ্যে দিয়ে পৌরাণিক ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার উপর নানা দৃশ্য ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা। এবার পৌরাণিক কাহিনির মধ্যে নৌকা বিলাস, কালীয় দমন, রাধাকৃষ্ণের লীলা, রামায়ণ ও মহাভারতের নানা কাহিনি নির্ভর দৃশ্য জীবন্ত মডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাও। আলোর রোশনাইয়ে বড় বড় মণ্ডপ সহ চারিদিক সাজিয়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপ দেখতে দর্শকদের লম্বা লাইন পড়ে। এসটিকেকে রোড সংলগ্ন হওয়ায় যান নিয়ন্ত্রণ ও ভিড় সামাল দিতে পুলিস ও পুজো কমিটির স্বেচ্ছাসেবকরা রয়েছেন।
স্বপনবাবু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। নান্দাই অঞ্চলে প্রতিটি ঝুলন উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষও অংশ নেয়। পাঁচদিন ধরে চলা ঝুলন উৎসব যেন সম্প্রীতির উৎসবে পরিণত হয়।
মিঠুন ফ্রেন্ডস অ্যসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ পাত্র বলেন, ঝুলন নান্দাইয়ের কয়েক দশকের ঐতিহ্য। এই দিনগুলির জন্য এলাকার বাসিন্দারা অপেক্ষায় থাকেন। প্রত্যেক বাড়িতেই আত্মীয় পরিজনরা আসেন। এলাকার পুজো উদ্যোক্তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। এবার আমাদের বাজেট তিন লক্ষ টাকা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ