সংবাদদাতা, কালনা: আজ, রবিবার থেকে শুরু হচ্ছে কালনা বইমেলা। এবার বইমেলার পঞ্চম বর্ষ। শনিবার কালনা শহরের একপেরিয়া রাইসমিলের মাঠে বইমেলার প্রস্তুতি ঘুরে দেখেন কালনা এসডিপিও শুভদীপ ঘোষ, বইমেলা কমিটির আহ্বায়ক সুব্রত পাল, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, বইমেলা কমিটির সভাপতি তাপসকুমার কার্ফা প্রমুখ। মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবার বইমেলা প্রাঙ্গণে ৬৬টি বইয়ের স্টলের সঙ্গে থাকছে পুষ্প প্রদর্শনী, হস্তশিল্প প্রদর্শনী ও রকমারি স্টল। আটদিন ধরে চলবে ক্যুইজ, অঙ্কন, আবৃত্তি, কবিতা পাঠ, নৃত্য, সাহিত্য আলোচনা সহ নানা সাংস্কৃতি অনুষ্ঠান। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বইমেলা প্রাঙ্গণ মঞ্চে বিশিষ্টদের উপস্থিতিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। মেলার আহ্বায়ক সুব্রত পাল বলেন, বর্তমান সময়ে মোবাইলের মজেছে ছাত্র ও যুব সমাজ। পাঠ্যবই ছাড়া সাহিত্য, গল্প, জ্ঞান বিকাশের বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে। বই প্রকৃত মানুষ গড়ে তুলতে ও অতীত, বর্তমানকে চোখের সামনে এনে দেয়। বই জ্ঞানের ভাণ্ডার। বইয়ের বিকল্প মোবাইল হতে পারে না। তাই সকলের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে বইমেলার আয়োজন।



