নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলার রাজনীতিতে কালীপদ সোরেন নতুন মুখ হলেও সাহিত্যের অঙ্গনে তিনি সুপরিচিত। দু’-দু’বার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের পাশাপাশি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবার সাংসদ হিসেবেও তিনি নজর কাড়ছেন। একবছরেই সাংসদ তহবিল থেকে উন্নয়নমূলক প্রকল্পে প্রায় পাঁচ কোটি টাকা তিনি খরচ করেছেন।কালীপদবাবু ২০২৪সালের লোকসভা ভোটে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি সাঁওতালি ভাষার চর্চা করেছেন। ঝাড়গ্ৰাম তথা জঙ্গলমহলের মানুষের কছে তাঁর গ্ৰহণযোগ্যতা প্রশ্নাতীত। রাজনীতির ময়দানেও তাঁর সহজসরল জীবনযাপন ও উন্নয়নমূলক কাজকর্ম নজর কাড়ছে।রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই নিজেদের তহবিলের টাকা ঠিকমতো খরচ করতে পারছেন না। সেখানে সাংসদ হিসেবে কালীপদবাবু দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের লোকসভা কেন্দ্রের মানুষের নানা দাবি সংসদে তুলে ধরছেন। সেইসঙ্গে গত একবছরে সাংসদ তহবিল থেকে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছেন। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায় মানুষের কাছে গিয়ে কী কী সমস্যা রয়েছে-সেবিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
নয়াগ্ৰাম, ঝাড়গ্রাম, সাঁকরাইল, বিনপুর-২ পঞ্চায়েত সমিতির এলাকায় সাংসদ তহবিলের ২কোটি ৩৯লক্ষ টাকায় সৌরচালিত হাইমাস্ট ও অন্য পথবাতি বসানো হচ্ছে। তার ৯৮শতাংশ কাজ হয়ে গিয়েছে। বেলপাহাড়ী এসসি হাইস্কুলে ৪৯লক্ষ ৪৭হাজার টাকায় হস্টেল ভবন তৈরির কাজ চলছে। নয়াগ্ৰাম ব্লকে ২৯লক্ষ ১৩হাজার টাকায় মোরচি গোলাপনাথ এসসি হাইস্কুলের নতুন হস্টেলের ভবন তৈরি ও অন্য পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। ঝাড়গ্রাম শহরে রানি ইন্দিরাদেবী গভর্নমেন্ট গার্লস কলেজের শেড ও ডাইনিং হল ২২লক্ষ ৮৬হাজার টাকায় তৈরি করা হচ্ছে। সাঁকরাইল ব্লকের বানপুরা তারকনাথ হাইস্কুলে ৩০লক্ষ টাকায় বাড়তি শ্রেণিকক্ষ তৈরি হয়েছে। গোপীবল্লভপুর-২ ব্লকের পদ্মা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে ৭লক্ষ ৫৫হাজার টাকায় সীমানাপ্রাচীর গড়ে তোলার কাজ চলছে। মুরার আশুতোষ হাইস্কুলেও ২৯লক্ষ ৪৫হাজার টাকায় সীমানাপ্রাচীর দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীর উপর সেতু ও নতুন সড়কের দাবি, ট্রেন লেটের মতো সমস্যার কথা কালীপদবাবু সংসদে তুলে ধরছেন।সাংসদ বলেন, দীর্ঘ সময় ধরে সাঁওতালি ভাষায় সাহিত্যচর্চা করে এসেছি। মানুষের কথাই সাহিত্যে তুলে ধরেছি। রাজনীতির ক্ষেত্রেও মানুষের কাজ করার চেষ্টা করছি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের উন্নয়নে আমার প্রয়াস জারি থাকবে। ঝাড়গ্ৰাম শহরের বাসিন্দা মানস হেমব্রম বলেন, সাহিত্যক্ষেত্রে উনি আমাদের গর্বিত করেছেন। রাজনীতির ময়দানেও কাজের মাধ্যমে নজর কাড়ছেন।-নিজস্ব চিত্র