নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া শহরে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন চলছে। সাড়া ফেলেছে এখানকার ৫১ হাজার কাচের টুকরো দিয়ে তৈরি ৩৫ ফুটের গণেশ বিগ্রহ। কাছারি রোডে ভারতীয় নবযুবক সংঘ তৈরি করেছে অযোধ্যার রাম মন্দির। ১৭ নম্বর গলিতে সেন্ট্রাল জেল, ৬ নম্বর গলিতে বাগবাজারের মায়ের বাড়ি, ১৯ নম্বর গলিতে কর্ণাটকের রাজরাজেশ্বরী ধাম বা মানিকপুরে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির, ১০ নম্বর গলিতে বেনারসের মন্দির দেখার মতো।
গণপতি বাপ্পাকে লক্ষাধিক লাড্ডু নিবেদন করা হল। মুম্বইয়ের মতো দু’বেলা পুজো এবং নানাবিধ অনুষ্ঠানের পর শুক্রবার হবে বিসর্জন। এবার এখানকার গণেশ পুজো নিয়ে পুলিশের পক্ষ থেকে কলকাতার দুর্গাপুজোর মত গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। এখানে সবচেয়ে পুরনো হল কাঁকিনাড়া বাজার পুজো কমিটির গণেশ পুজো। একশো ষাট বছর আগে চালু হওয়া ওই পুজো কমিটির সম্পাদক অনিলকুমার সাউ জানালেন, কাঁকিনাড়া বাজারের মুটিয়া মজদুর ওড়িয়ারাই গণপতি বাপ্পার পুজো আরম্ভ করেন। পরবর্তীকালে দোকানদার, ব্যবসায়ীরা এই পুজোর দায়িত্ব নেন। আমি নিজে কুড়ি বছর ধরেই পুজো করছি।
এদিন অধিকাংশ পুজো মণ্ডপে ঘুরে বেড়ালেন স্থানীয় বিধায়ক পবন সিং, রাজেশ কুমার এবং পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। অর্জুন সিং জানিয়েছেন, এই উৎসব যাতে আরো সুন্দরভাবে পালিত হয় তার জন্য আমাদের সরকার সবরকমভাবে সাহায্য করছে। কাঁকিনাড়া বাজার পুজো কমিটির গণেশ বিগ্রহ। নিজস্ব চিত্র।