Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কড়া পুলিসি নিরাপত্তায় বেলডাঙায় কার্তিক লড়াই নির্বিঘ্নেই

কড়া পুলিসি নিরাপত্তায় বেলডাঙায় কার্তিক লড়াই নির্বিঘ্নেই
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শিবের মূর্তির নাম ‘সিক্স প্যাক ভৈরব’। ‘ভয়ঙ্করী বড়মা’, ‘বুড়ো শিব’ এসবও আছে। বেলডাঙায় কার্তিক লড়াইয়ে এসব প্রতিমা দেখতে ভিড় উপচে পড়ল। কার্তিক লড়াই হলেও শোভাযাত্রায় শুধু কার্তিক থাকে না। রবিবার দুপুর থেকে বেলডাঙা শহরের রাস্তায় ভৈরব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ভারতমাতা, কালী, চৈতন্যদেব, বজরঙ্গ বলী, বিশ্বকর্মা সহ নানা দেবদেবীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা নির্বিঘ্নেই মিটেছে।
Advertisement
কালীপুজো মিটতেই কার্তিক মাসের সংক্রান্তিতে ধুমধাম করে বেলডাঙার প্রতিটি পাড়ায় নানা দেবদেবীর পুজো চলে। তারপর হয় কার্তিক লড়াই। এদিন বেলডাঙা শহরে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় ২০০’র বেশি প্রতিমা রাস্তায় নামে। তা দেখতে রাস্তার দু’ধারে ভিড় উপচে পড়ে। শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য বিশাল পুলিসবাহিনী হাজির ছিল। উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথমভাগে বেলডাঙার ছুতোরপাড়ায় হাতির পিঠে চড়া কার্তিক পুজো শুরু হয়েছিল। তারপর একে একে বাবু কার্তিক, হোড় বংশীয়দের রাজ কার্তিকের পুজো শুরু হয়। ধীরে ধীরে বেলডাঙার কার্তিক লড়াইয়ের আকর্ষণ  বাড়ে। কার্তিক লড়াইয়ের জন্য বেশ কয়েকদিন ধরেই শহরজুড়ে প্রস্তুতি চলছিল। সরু গলির দু’দিকের বাড়ি ও দোকানের ছাদে বসে মানুষ এই শোভাযাত্রা উপভোগ করে। বিশাল বিশাল মূর্তি কাঁধে নিয়ে শহর পরিক্রমা করা হয়। কয়েকবছর ধরে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই দেখতে জেলার নানা প্রান্ত থেকে মানুষ আসেন। প্রচুর ব্যবসায়ী রাস্তার ধারে স্টল দেন। এদিনও সেই ছবি চোখে পড়েছে।
সম্পর্কিত সংবাদ