Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান বিচারপতি রবীন্দ্রর শপথ গ্রহণ

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।

প্রধান বিচারপতি রবীন্দ্রর শপথ গ্রহণ
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। চিরাচরিত প্রথা অনুযায়ী বুধবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতির জন্য নির্ধারিত এজলাসে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বিধানসভার স্পিকার, রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়কের পাশাপাশি বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও। ছিলেন মুখ্যসচিবও। প্রাক্তন প্রধান বিচারপতি সুজয় পাল অবসর নেওয়ার পর দায়িত্ব ন্যস্ত হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর হাতে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি ঘুগের নাম প্রস্তাব করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কিছুদিন পর তাতে সম্মতি দেয় কেন্দ্রীয় আইন মন্ত্রক। সেইমতো এদিন ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। ১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন বিচারপতি ঘুগে। দু’হাজারের বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। বেশিরভাগই শ্রমিক ইউনিয়নের হয়ে। যদিও পরবর্তীকালে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও সওয়াল করেন তিনি। এমনকি বিচারপতি পদেও দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি রবীন্দ্রের। তিনি এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ