কাঠমাণ্ডু, ৬ নভেম্বর: ভয়াবহ আকস্মিক বন্যার অভিঘাত কাটিয়ে ওঠার আগেই নেপালে ফের কেঁপে উঠল মাটি। সাম্প্রতিক সেই প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। তারই মধ্যে শুক্রবার সকালে নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। ভোরের এই কম্পনে কেঁপে ওঠে হুমলা জেলা। পাশাপাশি পার্শ্ববর্তী মুগু ও বাজহাং জেলাতেও অনুভূত হয় কম্পন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে হুমলা জেলায় ভূমিকম্পটি আঘাত হানে। কর্ণালি প্রদেশের অন্তর্গত এই জেলা রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের কম্পন অনুভূত হয় সংলগ্ন মুগু ও বাজহাং জেলাতেও। যদিও প্রাথমিকভাবে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি। প্রসঙ্গত, নেপালের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক আকস্মিক বন্যার ঘটনায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার মধ্যেই নতুন করে ভূমিকম্পের ঘটনা পার্বত্য এই দেশটির দুর্যোগ পরিস্থিতিকে আরও একবার আলোচনায় নিয়ে এল।



