ফের ইউরোপের একাধিক দেশের বিমানে বোমাতঙ্ক!
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রাসেলস: ইউরোপের আকাশে ফের বোমাতঙ্ক। তার জেরে বৃহস্পতিবার বিভিন্ন দেশের একাধিক যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ ও অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হল। ইতালি, বেলজিয়াম, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রগামী অন্তত ১০টি বিমানে এই হুমকি দেওয়া হয়। যদিও কোনো বিস্ফোরক ও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। চলতি সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার হুমকির মুখে পড়ল ইউরোপের বিভিন্ন বিমান সংস্থা। 

Advertisement

এদিন চেক প্রজাতন্ত্রে হুমকি পাওয়ার পর চারটি বিমানে তল্লাশি চালায় পুলিশ। তবে কোনো বিমানেই বিস্ফোরক মেলেনি। একই ধরনের হুমকির জেরে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি বিমান জরুরি অবতরণ করে। ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের এভরু বিমানঘাঁটিতে অবতরণ করানো হয়। হেলসিঙ্কি থেকে আসা একটি ফিনএয়ার বিমানকে ইতালির বিমান বাহিনী এসকর্ট করে রোমে নিয়ে যায়। সেই বিমানটিও নিরাপদেই অবতরণ করেছে। একইভাবে হেলসিঙ্কি থেকে আসা জেটটাইম পরিচালিত ফিনএয়ারের অন্য একটি বিমান বোমাতঙ্কের জেরে ভিয়েনায় অবতরণ করেছে। বুলগেরিয়াতেও তিনটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। সেদেশের সরকার জানিয়েছে, কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দু’টি বিমান নিরাপদে সোফিয়ায় অবতরণ করে। লন্ডন থেকে আসা একটি বিমানকে বুলগেরিয়ার প্লোভদিভে পাঠিয়ে দেওয়া হয়।