ডিসেম্বরেই দেশে ফিরব: হাসিনা
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ফের দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। স্পষ্ট জানালেন, যে কোনো মূল্যে ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরবেন তিনি। গণ আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। তার পর থেকেই ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে নয়াদিল্লির উপর নিয়মিত চাপ তৈরি করছে বিএনপি প্রশাসন। এরই মধ্যে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন আওয়ামি লিগ নেত্রী। বুধবার ইমেল মারফত এক সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুজিব-কন্যা বলেন, ‘মৃত্যু যদি আমার ভাগ্যে লেখা থাকে, তাহলে নিজের দেশের মাটিতে ও নিজের মানুষের মাঝেই মরতে চাই।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশেই ফিরব। এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি।’ যদিও ঠিক কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে কিছু জানাননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement

হাসিনা দেশ ছাড়ার পরেই তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। অভিযোগ ওঠে, আন্দোলন চলাকালীন সরকারি দমন-পীড়নের ফলে বহু মানুষের মৃত্যু হয়। একটি মামলায় ২০২৫ সালে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক ট্রাইবুনাল। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আরও বেড়েছে মামলার বোঝা। এবিষয়ে হাসিনা বলেন, ‘আমি জানি, দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারি। কারারুদ্ধ, নির্যাতন এমনকি হত্যাও করা হতে পারে। এই সম্ভাবনা নিয়ে আমি সম্পূর্ণ অবগত। কিন্তু দূর থেকে আমার মানুষের কষ্ট দেখে জীবন কাটাতে পারব না।’ এখানেই না থেমে তাঁর বক্তব্য, ‘আমি প্রত্যেক দেশের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের পক্ষে। এটাই আমাদের বিদেশ নীতি। তবে নিজের দেশে ফিরতে আমার কোনো বিদেশি শক্তির আশীর্বাদের প্রয়োজন পড়বে না।’