নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দী ইস্ট বেঙ্গলকে হারাতে ব্যর্থ মোহন বাগান। উল্টে পিছিয়ে পড়েও কোনও রকমে ড্র করে মান বাঁচাল পালতোলা নৌকার জুনিয়ররা। অনূর্ধ্ব-১৮ এলিট ইয়ুথ লিগের জোনাল গ্রুপের ডার্বি শেষ হয় ১-১ গোলে। মশাল বাহিনীর হয়ে স্কোরশিটে নাম তোলে প্রীতম গাইন। স্পটকিক মোহন বাগান গোলরক্ষক প্রাথমিকভাবে রুখে দিলে জোরালো শটে জাল কাঁপান তিনি। সবুজ-মেরুনকে সমতায় ফেরায় প্রেম হাঁসদা।
এদিন মোহন বাগান মাঠে দলের খেলা দেখতে এসেছিলেন থংবই সিংটো ও বিনো জর্জ। তাঁদের সামনে শুরুটা ভালো করেছিলেন লাল-হলুদের জুনিয়ররা। প্রথমার্ধেই সবুজ-মেরুন রক্ষণের ভুলে লিড নেয় ইস্ট বেঙ্গল। বিরতির পর সমতায় ফেরে ডেগি কার্ডোজো ব্রিগেড। শেষদিকে ইস্ট বেঙ্গল চাপ বাড়ালেও লাভের লাভ হয়নি। বরং বিপক্ষ গোলের সামনে খেই হারাল লাল-হলুদ ব্রিগেডের যাবতীয় আক্রমণ। সহজ সুযোগ পা ছাড়া না হলে হাসিমুখে মাঠ ছাড়তে পারত ইস্ট বেঙ্গল যুব দল।