নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে দুই পুলিস কর্মীর দায়ের করা জামিন মামলায় আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল শুনে রীতিমত ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ। অভিজিৎ খুনে সিবিআইয়ের চার্জশিটে নাম থাকায় বর্তমানে জেলবন্দি রয়েছেন তিন পুলিস কর্মী। যার মধ্যে হাইকোর্টে জামিনের আবেদন জানান রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি ঘোষের সঙ্গে বচসায় জড়ান সিনিয়র আইনজীবী কল্যান। তাঁর মক্কেলদের হয়ে অন্তর্বর্তী জামিন চেয়ে সওয়াল করে তিনি বলেন, ‘চার বছর পর হঠাৎ কেন গ্রেপ্তার করল সিবিআই?’ কিন্তু আদালত এদিনই মামলার নিষ্পত্তি করতে রাজি হয়নি। এরপরই কল্যাণ মন্তব্য করেন, ‘আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।’ কল্যাণের এই মন্তব্যে বিরক্তিপ্রকাশ করেন বিচারপতি ঘোষ। কল্যাণকে কার্যত পাল্টা ধমক দিয়ে বিচারপতির মন্তব্য, ‘অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন, যা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না। আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।’ এরপরই তিনি জানিয়ে দেন মামলাটি তিনি আর শুনবেন না।



