Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জংশনে রেল হাসপাতালের দাবিতে টানা আন্দোলনের পথে ৩৮ সংগঠন

জংশনে রেল হাসপাতালের দাবিতে টানা আন্দোলনের পথে ৩৮ সংগঠন
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জংশনে রেলের জমিতে প্রস্তাবিত কেন্দ্রীয় হাসপাতাল তৈরির জন্য জমি দেখা হয়েছিল। লোকসভা ভোটের আগে প্রস্তাবিত সেই হাসপাতালের শিলান্যাস করতে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বারলা। কিন্তু বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সেই হাসপাতালের শিলান্যাস করতে পারেননি বারলা। ফলে রেলের জমিতে কেন্দ্রীয় হাসপাতাল তৈরির কাজ বর্তমানে বিশবাঁও জলে। ক্ষোভ বাড়ছে বিজেপির বিরুদ্ধে। এই আবহে এবার জানুয়ারি মাস থেকে জেলাজুড়ে আন্দোলনে নামতে যাচ্ছে আলিপুরদুয়ার জংশন কেন্দ্রীয় হাসপাতাল ও হাসিমারা বিমানবন্দর দাবি আদায় সংগ্রাম কমিটি। 
Advertisement
রবিবার জংশনের রেল বাজারে একটি মন্দির প্রাঙ্গণে কমিটির পক্ষ থেকে নাগরিক কনভেনশন হয়। ব্যবসায়ী সমিতি, প্রবীণ নাগরিক কমিটি সহ মোট ৩৮টি সংগঠন যোগ দেয়। কনভেনশনে হাসিমারায় বিমানবন্দর ও জংশনে কেন্দ্রীয় হাসপাতাল তৈরির দাবিতে জানুয়ারি মাস থেকে আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়। এই দাবিতে জানুয়ারি মাস থেকে লিফলেট বিলি ও পোস্টারিং করা হবে। দাবি আদায়ে জনমত তৈরির জন্য হবে পথসভাও। এছাড়াও এই দাবিতে ১০ হাজার সই করে স্মারকলিপি পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। তারপরেও কাজ না হলে এলাকার বর্তমান সাংসদকে ঘেরাও করা হবে বলে কনভেনশনে প্রস্তাব নেওয়া হয়েছে। 
এদিনের নাগরিক কনভেনশন কমিটিতে তিনজনকে আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন রাতুল বিশ্বাস, তুষাররঞ্জন ঘোষ ও দিলীপ চক্রবর্তী। কমিটির অন্যতম আহ্বায়ক রাতুলবাবু বলেন, কেন হাসিমারায় অসামরিক বিমানবন্দর ও জংশনে কেন্দ্রীয় হাসপাতাল তৈরি হল না আমরা তা জানি না। আমরা রাজনৈতিক দলাদলিতে নেই। কিন্তু আলিপুরদুয়ারের মানুষের দীর্ঘদিনের এই দুই দাবি পূরণে এবার আমরা জেলাজুড়ে আন্দোলনে নামছি। 
হঠাৎ করে এই দুই দাবিতে ৩৮টি সংগঠন আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, বিজেপি যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তা এর প্রমাণ। আমরা জেলার মানুষের এই আন্দোলনের পাশে আছি। 
যদিও এ বিষয়ে প্রাক্তন মন্ত্রী বারলার কোনও বক্তব্য মেলেনি। এসএমএসেরও জবাব দেননি। তবে এমপি মনোজ টিগ্গা বলেন, হাসিমারায় বিমানবন্দর তৈরির দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক মন্ত্রীকে চিঠি দিয়েছি। জংশনে কেন্দ্রীয় হাসপাতাল তৈরির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যামন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি দেব। কে কি বলছে জানি না। এনিয়ে আমাদের দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।
সম্পর্কিত সংবাদ