সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের জঙ্গলে লোকচক্ষুর আড়ালে থাকা একটি পরিত্যক্ত পাতকুয়ো বোজাতে উদ্যোগী হল বনদপ্তর। বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কের ধারে জঙ্গলের মধ্যে ওই কুয়োর সন্ধান পাওয়া গিয়েছে। ঝোপঝাড়ে ঢেকে থাকায় এতদিন তা নজরে আসেনি। মঙ্গলবার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা প্রায় ৪০ফুট গভীর কুয়োটি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বনকর্মীদের খবর দেন। দপ্তরের আধিকারিকরা তা সরেজমিনে পরিদর্শনের পর বন্যজন্তু অথবা মানুষের প্রাণহানি রুখতে কুয়োটি বোজানোর নির্দেশ দেন। জয়পুর রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গাশঙ্কর দাস বলেন, বিষ্ণুপুর-আরামবাগ সড়ক থেকে প্রায় ৫০মিটার দূরে গভীর জঙ্গলের মধ্যে ওই পরিত্যক্ত পাতকুয়োর সন্ধান পাওয়া গিয়েছে। স্থানীয় মহিলারা জঙ্গলে জ্বালানি কাঠ ও পাতা সংগ্রহে যান। এছাড়া, ছাতুর মরশুমেও তাঁরা জঙ্গল চষে বেড়ান। বুনো হাতি তাড়ানোর সময় বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করেন। তাই বিপদ এড়াতে কুয়োটি বুজিয়ে ফেলা হচ্ছে। জয়পুরের বিট অফিসার দেবদুলাল মাইতি বলেন, একসময় ওই জায়গায় পুলিসের একটি ফাঁড়ি ছিল। যা কলাতলা ফাঁড়ি নামে পরিচিত ছিল। পুলিসকর্মীরা তাঁবু খাটিয়ে সেখানে থাকতেন। তাঁদের ব্যবহারের জন্য ওই কুয়ো খোঁড়া হয়েছিল। পরে ফাঁড়ি উঠে গেলেও কুয়োটি রয়ে গিয়েছে। জঙ্গলে ঢেকে থাকায় এতদিন সেটি নজরে পড়েনি। এদিন সকালে সেটি একজনের নজরে পড়ে। যেভাবে ঝোপের আড়ালে কুয়োটি রয়েছে, তাতে বন্য জন্তু বা মানুষ পড়ে গেলে মৃত্যু ঘটতে পারে। সেজন্য পাতকুয়োটি বোজানো হচ্ছে।



