Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে ভয়াবহ দুর্ঘটনায় ২ মাসের শিশুর মৃত্যু, জখম ৫

জয়পুরে ভয়াবহ দুর্ঘটনায় ২ মাসের শিশুর মৃত্যু, জখম ৫
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: একটি টোটো সহ পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া ট্যুরিস্ট বাস। বুধবার দুপুরে জয়পুরের দাসদিঘিতে এই ভয়াবহ দুর্ঘটনায় টোটোয় থাকা দু’মাসের একরত্তি শিশুর মৃত্যু হল। ওই শিশুর মা-বাবা সহ পাঁচজন জখম হয়েছেন। তাঁরা জয়পুর ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ঘাতক বাসের চালককে গ্রেপ্তারের দাবিতে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ ও পুলিসকে ঘিরে একপ্রস্থ বিক্ষোভ দেখান। পুলিস জানিয়েছে, ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চালক সহ ঘাতক বাস আটক করা হয়েছে। মৃত শিশুর নাম রেহান রায়। তাঁর বাবা গৌতম রায় ও মা রিঙ্কু রায় আরামবাগের গৌরহাটির বাসিন্দা। সন্তানের জন্মের পর রিঙ্কুদেবী কোতুলপুরে বাপের বাড়িতে ছিলেন। মঙ্গলবার গৌতমবাবু মকরসংক্রান্তির পরদিন বিশেষ পুজো উপলক্ষ্যে স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি টোটোয় জয়পুরের রাউতখণ্ডে দিদির বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, এদিন দুপুরে একটি ট্যুরিস্ট বাস বিষ্ণুপুরের দিক থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিল। দাসদিঘিতে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে প্রথমে বাসটির সংঘর্ষ হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট গাড়ি ও শেষে গৌতমবাবুরা যে টোটোয় ছিলেন, সেটিতে ধাক্কা মারে। বাসের ধাক্কায় টোটোটি রাস্তার ধারে মাঠে ছিটকে পড়ে। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ চালান। পরে পুলিস পৌঁছয়। টোটো চালক, রেহান ও তার মা-বাবা এবং ছোট গাড়িতে সওয়ার দুই যাত্রীকে জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’মাসের রেহানকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় জখম দম্পতি একমাত্র সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা ওই রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান।
ছোট গাড়ির চালক মফিজুল হক মণ্ডল বলেন, আমি এদিন কয়েকজন যাত্রী নিয়ে জয়পুরে যাচ্ছিলাম। বাঁদিক ঘেঁষেই গাড়ি চালাচ্ছিলাম। দাসদিঘিতে একটি ট্যুরিস্ট বাস হঠাৎ আমার গাড়ির দিকে চলে আসে। আমি পাশ কাটানোর চেষ্টা করলেও সামনের অংশে ধাক্কা লেগে যায়। তাতে আমার গাড়ির দু’জন যাত্রী জখম হন। বাসের চালক প্রচুর মদ্যপান করেছিল। 
সম্পর্কিত সংবাদ