নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপ পর্বে অপরাজেয় থেকে সুপার সিক্সে উঠেছিল ভবানীপুর এফসি। কিন্তু শেষ ছয়ের প্রথম ম্যাচেই ধাক্কা খেল সেই পরিসংখ্যান। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের কাছে ২-০ গোলে হারল ভবানীপুর। জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ফারদিন আলি মোল্লা ও ইসরাফিল দিওয়ান। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল সাদা-কালো ব্রিগেডের। পক্ষান্তরে, গ্রুপ পর্বের পরেই ভবানীপুরের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায়। তাঁদের বদলে নতুন ফুটবলারদের দলে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা এখনও দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।



