নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকারী জয়দীপ পাল ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের এই ছাত্র মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত মায়ের কোল পাড়ার বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, জয়দীপ পড়াশোনা নিয়েই থাকত। আর দশজনের থেকে তিনি সম্পূর্ণ আলাদা। তিনি বাংলায় ৯৪, ইংরেজিতে ৯৮, রসায়নে ৯৯, অঙ্কে ১০০, ফিজিক্সে ৯৬ এবং বায়োলজিতে ৯৯ নম্বর পেয়েছেন। তাঁর বাবা নিবেদন পালের মেমারি স্টেশন বাজারে ঝুড়ি, কুলো এবং পাতার থালা, বাসন বিক্রির দোকান রয়েছে। মা কৃষ্ণা পাল গৃহবধূ। তিনি বলেন, ছেলে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। পড়াশোনার প্রতি তার অন্য রকম ভালোবাসা। যখন ইচ্ছে হয় বই নিয়ে বসে যেত। পড়াশোনার জন্য কোনও দিনই বকাবকি করতে হয়নি। জয়ীদীপ বলেন, পড়াশোনার বাইরে অন্য কোনও কিছু করতাম না। মধ্যবিত্ত পরিবার। বাবা পরিশ্রম করে পড়াশোনা করান। তাই ভালো ফল করার জেদ প্রথম থেকেই চেপে বসেছিল। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট রয়েছে।



