Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে আজ জোকার-সিনার দ্বৈরথ, আলকারাজের সামনে ফ্রিৎজ, মহিলাদের ফাইনালে আমান্দা

সমসাময়িক যোদ্ধারা সব বিদায় নিয়েছেন আগেই। কিন্তু আটত্রিশেও তিনি থামেননি। হাঁটুর বয়সি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এখনও জারি তাঁর চোয়াল চাপা লড়াই

শেষ চারে আজ জোকার-সিনার দ্বৈরথ, আলকারাজের সামনে ফ্রিৎজ, মহিলাদের ফাইনালে আমান্দা
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লন্ডন: সমসাময়িক যোদ্ধারা সব বিদায় নিয়েছেন আগেই। কিন্তু আটত্রিশেও তিনি থামেননি। হাঁটুর বয়সি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এখনও জারি তাঁর চোয়াল চাপা লড়াই। কখনও পেশিতে টান, কখনও পেটের ব্যথা, আবার কখনও লম্বা র‌্যালির শেষে দেখা দিচ্ছে শ্বাসের ঘাটতি। কিন্তু বয়সের বেয়াড়াপনাকে লাল চোখ দেখিয়ে নোভাক জকোভিচ এগিয়ে চলেছেন লক্ষ্যের দিকে। সঙ্কল্প, সাফল্যের খিদে ও অভিজ্ঞতাকে মূলধন করে উম্বলডনের সেমি-ফাইনালে পৌঁছনোর পর সার্বিয়ান মহাতারকার বার্তা, ‘অল-ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে নামলে বাড়তি উদ্দীপনা পাই। আটত্রিশ বছর বয়সেও তাই আরও একটা ফাইনাল খেলার স্বপ্ন দেখছি।’

Advertisement

শুক্রবার শেষ চারের লড়াইয়ে জকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। শীর্ষ বাছাই ইতালিয়ান তারকার বয়স ২৩। জোকারের চেয়ে ১৫ বছরের ছোট। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সিনারের বিরুদ্ধে জকোভিচের সাম্প্রতিক রেকর্ড অন্তত তেমনটাই বলছে। দু’জনের শেষ চারবারের সাক্ষাতে একবারও জিততে পারেননি সার্বিয়ান কিংবদন্তি। আর এই পরিসংখ্যানই বাড়িয়ে দিচ্ছে ঘুরে দাঁড়ানোর জেদ। কোয়ার্টার-ফাইনালে ফ্ল্যাভিও কোবোল্লির বিরুদ্ধে প্রথম সেট খুইয়েও যেভাবে ম্যাচে ফিরেছেন, তাতে পরিষ্কার বয়স বাড়লেও কলজের জোর হারাননি জোকার। প্রতিপক্ষ সিনারও তা বিলক্ষণ জানেন। বুধবার রাতে বেল শেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করার পর তিনি বলেন, ‘নোভাকের বিরুদ্ধেই তো আসল পরীক্ষা!’ পুরুষদের সিঙ্গলসের অপর সেমি-ফাইনালে গত দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের সামনে পঞ্চম বাছাই আমেরিকান খেলোয়াড় টেইলর ফ্রিৎজ। দুরন্ত ফর্মে রয়েছেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা।
এদিকে, মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে বড় অঘটন ঘটালেন আমেরিকার আমান্দা অ্যানিসিনোভা। শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে হারিয়ে কেরিয়ারে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে তিনি। খেতাবি লড়াইয়ে আমান্দার প্রতিদ্বন্দ্বী ইগা সুইয়াটেক। অষ্টম বাছাই পোলিশ তারকা ৬-২, ৬-০ স্ট্রেট সেটে হারিয়েছেন বেলিন্দা বেনসিচকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ