নিউ ইয়র্ক: কার্লোস আলকারাজ বনাম নোভাক জকোভিচ! ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে উত্তেজক দ্বৈরথের অপেক্ষায় টেনিসপ্রেমীরা। বুধবার জকোভিচ কোয়ার্টার-ফাইনালে চার সেটের লড়াইয়ে হারান টেলর ফ্রিৎজকে। সার্বিয়ান তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৭-৫, ৩-৬. ৬-৪। এই নিয়ে ৫৩বার গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন জোকার, যা নজিরবিহীন। ১৯৮৯ সালে আমেরিকার মহিলা টেনিস তারকা ৫২বার গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠার রেকর্ড গড়েছিলেন। ৩৬ বছর পুরনো সেই রেকর্ড ভাঙলেন জকোভিচ। ২০২৪ সালে ইউএস ওপেনের রানার-আপ ফ্রিৎজের বিরুদ্ধে তাঁর রেকর্ড দাঁড়াল ১১-০। অর্থাৎ, এই লড়াইয়ে বরাবরই জিতেছেন জকোভিচ।
এই নিয়ে ১৪বার ফ্লাশিং মিডোয় সেমি-ফাইনালে উঠলেন তিনি। স্পর্শ করলেন জিমি কোনর্সকে (১৪)। আর কেউ ইউএস ওপেনের শেষ চারে এতবার ওঠেননি। এই বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই সেমি-ফাইনালে পৌঁছেছেন জকোভিচ। এই নিয়ে সপ্তমবার এমন ঘটল। এটাও রেকর্ড। টেনিস ইতিহাসে এত বয়সে কেউ বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামেই শেষ চারে ওঠেননি। ৩৮ বছর ৯৪ দিনে জকোভিচ তাই গড়লেন নজির। আরও গুরুত্বপূর্ণ হল, কখনও কোমর, কখনও ঘাড়— একের পর এক সমস্যাকে পিছনে ফেলেই ছুটছে তাঁর জয়ের রথ। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের লক্ষ্যে বদ্ধপরিকর দেখাচ্ছে সপ্তম বাছাইকে।
সেমি-ফাইনালে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করছে জকোভিচের জন্য। উল্টোদিকে দ্বিতীয় বাছাই আলকারাজ। স্প্যানিশ তারকা এবারের আসরে এখনও সেট হারাননি। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৪, ৬-২, ৬-৪ সেটে হারান ২০তম বাছাই জিরি লেহেকাকে। চুল ছেঁটে ফেলে প্রায় ন্যাড়া মাথার আলকারাজের লক্ষ্য কেরিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম। জকোভিচের সঙ্গে আটবারের সাক্ষাতে তিনি পিছিয়ে আছেন ৩-৫ ব্যবধানে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে পরাজয় রয়েছে। আছে গত বছর প্যারিস ওলিম্পিকসের ফাইনালে হারও। নিশ্চিতভাবেই আলকারাজ এর প্রতিশোধ নিতে চান। পুরুষদের সিঙ্গলসে বাকি দুই কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ এমন— অ্যালেক্স ডি মিনাউর বনাম ফেলিক্স অগার-অ্যালিসিমে, জানিক সিনার বনাম লোরেঞ্জো মুসেত্তি।
এদিকে, মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। হাঁটুর চোটের জন্য তাঁকে ওয়াকওভার দেন ২০২৩ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেটা ভনড্রোউসোভা। সেমি-ফাইনালে চতুর্থ বাছাই জেসিকা পেগুলার মুখোমুখি হবেন সাবালেঙ্কা।