লন্ডন: ‘নো মোর এন্টারটেইনিং ক্রিকেট। ওয়েলকাম ব্যাক টু দ্য বোরিং টেস্ট ক্রিকেট বয়েজ!’
লন্ডন: ‘নো মোর এন্টারটেইনিং ক্রিকেট। ওয়েলকাম ব্যাক টু দ্য বোরিং টেস্ট ক্রিকেট বয়েজ!’
লর্ডসে জো রুট, ওলি পোপের ধীরগতির ব্যাটিং দেখে এভাবেই কটাক্ষ করলেন শুভমান গিল। ইদানীং টেস্ট ক্রিকেটে ‘বাজবল’-এর ডঙ্কা বাজিয়ে নিজেদের সর্বোত্তম প্রমাণে ব্যস্ত থাকা বেন স্টোকস বাহিনীর আচমকা খোলসে প্রবেশ। ঐতিহ্যের লর্ডসে আগ্রাসী ক্রিকেটের পথ ছেড়ে রক্ষণাত্মক ব্যাটিংয়ে পিঠ বাঁচানোর চেষ্টায় ইংল্যান্ড। আসলে এজবাস্টনে ভারতের কাছে খড়কুটোর মতো উড়ে যাওয়ার পর রীতিমতো শঙ্কিত হোমটিম। তৃতীয় টেস্টে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি তারা। অবশ্য তারপরও স্বস্তিতে নেই ইংল্যান্ড। প্রথম দিনের শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৫১ রান। চাপের মুখে একদিক আগলে দলকে টানছেন জো রুট। সেঞ্চুরির দোরগোড়ায় তিনি (৯৯ ব্যাটিং)। ক্রিজে সঙ্গী বেন স্টোকস (৩৯ ব্যাটিং)।
লর্ডসে টেস্ট ম্যাচ মানেই চাঁদের হাঁট। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। ভারত-ইংল্যান্ড ম্যাচ উপভোগ করতে শচীন তেন্ডুলকর, ফারুখ ইঞ্জিনিয়ার, ক্রিস গেইল, ব্রেট লি’র মতো তারকারা উপস্থিত। লর্ডসের ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্টের সূচনা করেন শচীন। টস জেতার পর সতর্কতার সঙ্গে ইনিংস শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। বোঝাই যাচ্ছিল, বুমরাহ-আকাশদীপ-সিরাজের জন্য যথেষ্ট হোম ওয়ার্ক করেছিলেন তাঁরা। কিন্তু গোল বাধল সিলেবাসের বাইরের প্রশ্নে। ১৪তম ওভারে নীতীশ রেড্ডির অপ্রত্যাশিত ঝটকায় কুপোকাত দুই ইংরেজ ওপেনার। ওভারের তৃতীয় ডেলিভারিতে লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফেরেন বেন ডাকেট (২৩)। তিনে নামা ওলি পোপ প্রথম বলেই আউট হতে পারতেন। কিন্তু ফোর্থ স্লিপে তাঁর কঠিন ক্যাচ অল্পের জন্য ফস্কান ক্যাপ্টেন গিল। ওই ওভারের শেষ বলে ক্রলিকে ফিরিয়ে সেই আক্ষেপ মেটান নীতীশ। তাঁর গুডলেংথ ডেলিভারিতে হিসেবের ভুলচুকে কট বিহাইন্ড হন ক্রলি (১৮)। ভারতের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে নিজের প্রথম ওভারে দুই উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন নীতীশ। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারে হ্যাটট্রিক করেছিলেন ইরফান পাঠান।
প্রথম সেশনে অবশ্য আর কোনও উইকেট পড়েনি ইংল্যান্ডের। আর তার জন্য প্রশংসা করতে হবে জো রুট ও ওলি পোপের। প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ১০৯ রান যোগ করেন তাঁরা। তবে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে ‘বাজবল’কে টেমস নদীতে বিসর্জন দিতে বাধ্য হন রুটরা। দ্বিতীয় সেশনের শুরুর দিকে টানা ২৮টি ডট বলই তার নিদর্শন। স্টোকসের জমানায় রীতিমতো বিরল দৃশ্য। প্রথম দুই টেস্টে প্রত্যাশ্যা পূরণে ব্যর্থ রুটকে বেশ জমাট দেখাচ্ছে। আলোর অভাবে ৭ ওভার আগে খেলা বন্ধ হয়ে যাওয়ায় মাত্র এক রানের জন্য অপূর্ণ থাকল সেঞ্চুরি। শুক্রবার সেই লক্ষ্য ছোঁয়ার পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। উল্লেখ্য, বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে এদিন ভারতের বিরুদ্ধে তিন হাজার রান পূর্ণ হয়ে গেল রুটের। তিনি প্রাচীর হয়ে দাঁড়ালেও চায়ের বিরতির পর প্রথম ডেলিভারিতেই অন্য প্রান্তে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। সেট ব্যাটার পোপকে (৪৪) ফেরান তিনি। পাঁচে নামা হ্যারি ব্রুকও (১১) বড় রান পাননি। তাঁকে বোল্ড করেন বুমরাহ। ১৭২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর রুটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন ক্যাপ্টেন বেন স্টোকস।
এদিকে, কিপিং করার সময় বুমরাহর বল ঝাঁপিয়ে ধরতে গিয়ে আঙুলে চোট লেগেছে ঋষভ পন্থের। তাঁর পরিবর্তে কিপিং করছেন ধ্রুব জুরেল। ফলে উদ্বেগে ভারতীয় শিবির।